অভ্যন্তরীণ কোন্দলে ছাত্রলীগ-কর্মীর পায়ের রগ কেটে দিল প্রতিপক্ষ

ফাতেহ ডেস্ক

চুয়াডাঙ্গা শহরতলীতে শুক্রবার অভ্যন্তরীণ কোন্দলে প্রতিপক্ষের হামলায় মিরাজ ও বশির নামে ছাত্রলীগের দুই কর্মী আহত হয়েছে। আহত মিরাজের বাম পায়ের রগ কেটে গেছে বলে জানা গেছে। সন্ধ্যা সাড়ে ৬টায় শহরতলীর দৌলতদিয়াড় দক্ষিণ পাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সন্ধ্যায় ছাত্রলীগের বেশ কয়েকজন সদস্য দক্ষিণ পাড়া এলাকায় অবস্থান করছিল। এর কিছুক্ষণ পরই প্রতিপক্ষ গ্রুপের ৮-১০ সদস্য তাদের ওপর অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে অস্ত্রের আঘাতে মিরাজ ও বশির গুরুতর জখম হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা.শামীমা ইয়াসমিন জানান, আহত মিরাজের বাম পায়ের রগ কেটে গেছে। শরীরেও অসংখ্যা ক্ষতের সৃষ্টি হয়েছে। প্রচুর রক্তক্ষরণে তার অবস্থা আশঙ্কজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। আর আহত বশিরকে চিকিৎসা দেয়া হচ্ছে।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান জানান, নিজেদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীদের ধরতে অভিযান শুরু হয়েছে এবং শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সাথে চেকপোস্ট বসানো হয়েছে।

আগের সংবাদ৫ বছরে মার্কিন-মদদপুষ্ট ৪৫ হাজার আফগান নিরাপত্তাকর্মী নিহত
পরবর্তি সংবাদডিএনসিসির মেয়র পদে উপ-নির্বাচনে থাকছে না ইভিএম