আসামের ডিটেনশন ক্যাম্পে নারীদের ধর্ষণ করা হচ্ছে : জমিয়তে উলামায়ে হিন্দ

ফাতেহ ডেস্ক

ভারতের আসাম রাজ্যের বিভিন্ন ডিটেনশন ক্যাম্পে আটক নারীদের ধর্ষণ করা হচ্ছে বলে অভিযোগ করেছে জমিয়তে উলামায়ে হিন্দ নামের সংগঠন। সংগঠনটির এই অভিযোগ আজ রোববার আসামের গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে।

ইরানি গণমাধ্যম পার্সটুডের বাংলা ভার্সন ওই খবরের বরাত দিয়ে বলেছে, গতকাল শনিবার আসাম রাজ্য জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মোশতাক আনফর কাশেমি শিলচর তোপখানার জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় ভাষণ দেয়ার সময় বলেন, ‘এখনও রাজ্যের বিভিন্ন ডিটেনশন ক্যাম্পে এমন নারীরা আটকে আছেন যাদেরকে ধর্ষণও করা হচ্ছে। কিন্তু এসব বিষয় নিয়ে কোনো রাজনৈতিক দলের নেতাদের কথাবার্তা নেই।’

সম্প্রতি আসাম রাজ্যে জাতীয় পরিচয় পত্র (এনআরসি) নবায়নের যে উদ্যোগ নেওয়া হয়েছে তাকে ‘কেয়ামত’অভিহিত করে তিনি বলেন, একটি নির্দিষ্ট ষড়যন্ত্রের অংশ হিসেবে এই নবায়ন প্রক্রিয়া শুরু হয়েছিল।

এ ব্যাপারে সংগঠনটির অতিরিক্ত সাধারণ সম্পাদক ও ইউডিএফের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাওলানা আব্দুল কাদির কাশেমি রোববার বলেন, ‘এ রকম অভিযোগের কথা আগে থেকেই শুনে আসছি, এখন তা খবরের প্রচারমাধ্যমে উঠে এসেছে। আমরা ইতিপূর্বে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছিলাম। আজও আমরা সরকারের কাছে পুনরায় দাবি জানাব যাতে নারীদের মান-সম্মান সুরক্ষিত হয়। কারণ এটা সম্পূর্ণভাবে মানবাধিকারবিরোধী কাজ।’

ওইসব লোককে অন্যায়ভাবে বন্দি করে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এ প্রসঙ্গে অল আসাম মাইনরিটি স্টুডেন্টস ইউনিয়নের (আমসু) উপদেষ্টা ও আসামের সংখ্যালঘু সংগঠনসমূহের সমন্বয় সমিতির মুখ্য আহ্বায়ক আইনজীবী আজিজুর রহমান বলেন, ‘খবরের কাগজে যা দেখলাম যদি তা সত্যি হয় তাহলে আসাম সরকার ও কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের দাবি, অতি শিগগিরই দোষীদের শনাক্ত করে কঠোর শাস্তি দিতে হবে। এ রকম ঘটনা যাতে পুনরায় না ঘটে সেজন্য সরকারকে সতর্ক হতে হবে।’

আগের সংবাদজম্মু-কাশ্মীরে ক্যাবল কার ছিঁড়ে নিহত ২
পরবর্তি সংবাদসততা-নিষ্ঠা নিয়ে কাজ করতে মন্ত্রীদের নির্দেশ