
ফাতেহ ডেস্ক: কারাগারে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেছে মেডিক্যাল বোর্ড। পরীক্ষার প্রতিবেদন দেয়া হবে কাল। এদিকে, সরকারের অনুগত চিকিৎসক দিয়ে মেডিক্যাল বোর্ড গঠনের অভিযোগ এনে একে দুরভিসন্ধিমূলক ও তামাশা বলে অভিহিত করেছে বিএনপি।
সাত মাসের বেশি সময় কারাগারে খালেদা জিয়া। তাঁর অসুস্থতা নিয়ে উদ্বেগ জানিয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসার দাবি করে আসছে বিএনপি।
সবশেষ, গত রোববার খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে বিএনপির প্রতিনিধি দল। এরপর বৃহস্পতিবার পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে সরকার।
শনিবার বেলা সাড়ে এগারোটায় মেডিকেল বোর্ডের সদস্যদের কারাগারে যাওয়ার কথা থাকলেও বিকেল পৌনে চারটায় কারাগারে প্রবেশ করেন বোর্ডের ৫ চিকিৎসক। ঘণ্টা খানেক পর কারাগার থেকে বেরিয়ে আসেন মেডিকেল বোর্ডের সদস্যরা। তারা গণমাধ্যমের সঙ্গে কথা না বললেও ঢাকার সহকারী সিভিল সার্জন জানান, রোববার খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন দেয়া হবে।
খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডে তার ব্যক্তিগত চিকিৎসকদের অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছিল বিএনপি। কিন্তু, তা বিবেচনা না করে সরকার অনুগত চিকিৎসক দিয়ে মেডিকেল বোর্ড গঠন করেছে বলে অভিযোগ দলটির।
নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে, বেসরকারি হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসার পাশাপাশি অবিলম্বে তার মুক্তি দাবি জানান বিএনপি নেতারা।
