বিদেশিদের কাছে নালিশ ছাড়া বিএনপির আর কোন অবলম্বন নেই

ফাতেহ ডেস্ক

আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে বিদেশিদের কাছে নালিশ ছাড়া বিএনপির আর কোন অবলম্বন নেই। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারন সম্পাদক ওবায়দুল কাদের। তার দাবি, জনবিচ্ছিন্নতার কারণেই সংসদ নির্বাচনে বিএনপির শোচনীয় পরাজয় হয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় উদযাপন করবে আওয়ামী লীগ। এরই মধ্যে জনতার রায়কে জনতার সাথেই উদযাপনে ১৯ জানুয়ারি সোহরাওয়ার্দি উদ্যানে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে।

মহাসমাবেশ সফল করতে বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর সাথে সহযোগী সব সংগঠনের এই যৌথসভা। প্রথমেই সভাপতিমণ্ডলীর সদ্য প্রয়াত সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শোক জানিয়ে দলের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দেশ হারিয়েছে এক মহান নেতা আর আওয়ামী লীগ হারালো অমূল্য সম্পদ। এরপর সাবেক সাধারন সম্পাদকের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।

বৈঠকের শুরুতে ওবায়দুল কাদের বলেন, সারাদেশে নৌকার পক্ষের গণজোয়ারেই পরাজিত হয়েছে সাম্প্রদায়িক শক্তি। সেইমাথে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকায় বিপুল বিজয় সম্ভব হয়েছে। আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ বিএনপি নিরুপায় হয়ে বিদেশিদের কাছে নালিশ করছে। দলটির ব্যর্থ নেতারা অসংলগ্ন সংলাপ করছে বলেও মনে করেন তিনি। নির্বাচনে বিপুল বিজয়ের জন্য জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাদের সাথে নিয়ে ভবিষ্যৎ কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের নির্দেশও দেন আওয়ামী লীগ সাধারন সম্পাদক।

আগের সংবাদট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত
পরবর্তি সংবাদঢাকায় পৌঁছেছে সৈয়দ আশরাফের মরদেহ