
ফাতেহ ডেস্ক
শুধু ভোটের দিন নয়, ভোটের আগে ও পরের দিন দলীয় নেতাকর্মীদের কী করতে হবে সে বিষয়ে নির্দেশনা দিতে বৈঠক ডেকেছে আওয়ামী লীগ।
বৈঠকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য ও সহযোগী সংগঠনের শীর্ষনেতারা উপস্থিত থাকবেন। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আওয়ামীলীগ সূত্রে জানা গেছে, আজকের বৈঠক থেকে নির্বাচন মনিটরিংয়ের বিষয়ে দলের নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হবে। ইতিমধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আট বিভাগের জন্য আটটি বুথ স্থাপন করা হয়েছে।
এসব বুথ থেকে নেতাকর্মীরা নির্বাচনের দিন নিজ নিজ এলাকার বিভিন্ন আসনের খবরাখবর রাখবেন কোথাও কোনো সমস্যা দেখা দিলে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের জানাবেন। ভোটের ফলও সংগ্রহ করবেন এসব বুথের দায়িত্বপ্রাপ্ত নেতারা।
নির্বাচন উপলক্ষে অওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি ১৫টি উপকমিটি করেছে। এগুলো ভোটের দিন নির্ধারিত দায়িত্ব পালন করবে।আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ও সভাপতির ধানমণ্ডির কার্যালয়ের নতুন ভবনে উপকমিটিগুলোর জন্য পৃথক কক্ষ বরাদ্দ করা হয়েছে।
