
ইজরাইলি প্রতিরক্ষামন্ত্রী আফিগদূর লিবারম্যান হামাসের কাছে আটক ইজরাইলি সেনাদের মুক্তির বিনিময়ে গাজার অবরোধ শিথিলের আমেরিকান প্রস্তাবে রাজী হয়েছেন। এতে অর্থনৈতিক অবরোধ শিথিল হলেও রাজনৈতিক ও সামরিক অবরোধ থেকে যাবে আগের মতোই। খবর ইজরাইলের সেকেন্ড টিভি।
এই প্রস্তাব মোতাবেক সাইপ্রাসে সমুদ্র বন্দর হয়ে গাজায় পৌঁছবে নিত্যপ্রয়োজনীয় পণ্য।
আগামী তিন সপ্তাহের মধ্যেই একটি কর্মপরিষদ গঠন করা হবে। তিন মাসেই এই প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য নিয়ে কাজ শুরু হবে। তবে প্রস্তাব মোতাবেক এখানে ইজরাইলি পর্যবেক্ষকদের কড়া নজরদারি থাকবে। হামাসের রাজনৈতিক ও যুদ্ধের সরঞ্জাম পাচার রোধ করার জন্য।
তবে প্রতিরক্ষামন্ত্রী জানান, এর বিনিময়ে হামাসকে আটক ইজরাইলি সেনাদের মুক্তি দিতে হবে।
পর্যবেক্ষকদের মতে, শতাব্দী চুক্তির অংশ হিসেবে ফিলিস্তিন সঙ্কটের আবেদন শেষ করতে ফিলিস্তিনিদের সীমিত অর্থনৈতিক সাহায্য করা হবে। ক্ষোভ মিটিয়ে ফেলার চেষ্টা করা হবে। পাশাপাশি রাজনৈতিক ও সামরিকভাবে ইজরাইল আরও শক্তিশালী হতে চেষ্টা করবে। হামাস ও ফাতাহের শক্তি ও প্রভাব সংকুচিত করার প্রয়াস চালানো হবে। অবরোধে আক্রান্ত ফিলিস্তিনিরা কি তাদের অর্থনৈতিক উন্নয়নের বিনিময়ে রাজনৈতিক সংগ্রাম স্তিমিত করতে রাজী হবেন কিনা এই প্রশ্ন থেকেই যাচ্ছে।
অবশ্য বিশেষজ্ঞদের মতে রাজনৈতিক শক্তি ব্যতীত অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। ফলে রাজনৈতিকভাবে ফিলিস্তিনিরা আরও বেশী কোনঠাসা হয়ে পড়লেও এতে কোন অর্থনৈতিক পরিবর্তন যে আসেবনা, সেটা নিশ্চিত করেই বলা যায়।
