লিবিয়া উপকূলে আবারো জাহাজডুবিতে নিখোঁজ ৬৩

ফাতেহ ডেস্ক: লিবিয়া উপকূলে আবারো জাহাজডুবির ঘটনায় অভিবাসন প্রত্যাশী ৬৩ শরণার্থী নিখোঁজের সংবাদ পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দেশটির নৌবাহিনীর মুখপাত্র জেনারেল আইয়ুব কাশেম জানান, এ ঘটনায় লাইফ জ্যাকেট পরা ৪১ জনকে উদ্ধার করা হয়েছে। প্রাণে বেঁচে যাওয়া শরণার্থীরা জানান, তাদের নৌযানে ১০৪ জন আরোহী ছিল।

জানা যায় জাহাজটি ত্রিপোলির পূর্ব উপকূল গারাবুলিতে ডুবে যায়। একই অঞ্চলে অপর দুই অভিযানে উদ্ধার হওয়া ২৩৫ অভিবাসন প্রত্যাশী শরণার্থীর সাথে এই ৪১ জনকে নিয়ে লিবীয় কোস্টগার্ডের একটি জাহাজ সোমবার ত্রিপোলিতে ফিরে এসেছে।

এদের মধ্যে ৫৪ জন শিশু ও ২৯ জন নারী রয়েছে। কাশেম জানান, যাত্রা ব্যাহত হওয়ার কারণে জাহাজটি প্রায় ২৪ ঘণ্টা বিলম্বে উপকূলে পৌঁছায়।

উল্লেখ্য, শুক্রবার থেকে এ পর্যন্ত ভূমধ্যসাগরে অভিবাসন প্রত্যাশী ১৭০ জন নিখোঁজ হওয়ার পর আবারো এ ঘটনায় নিখোঁজ হলো আরো ৬৩ জন। সূত্র: এএফপি

আগের সংবাদ৫ জুলাই প্রকাশ হবে দাওরায়ে হাদিসের ফলাফল
পরবর্তি সংবাদভারী বৃষ্টিতে সীমাহীন দুর্ভোগে চট্টগ্রামবাসী