
ফাতেহ ডেস্ক: ভারী বৃষ্টিতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন চট্টগ্রাম নগরবাসী। চকবাজার, কাপাসগোলা, বাকলিয়া, আগ্রাবাদ সিডিএ আবাসিক, বেপারি পাড়াসহ নিম্নাঞ্চলের অনেক এলাকায় জমেছে হাঁটুপানি।
জোয়ারের সঙ্গে ক্রমে বাড়ছে বন্যার পানি। পতেঙ্গা আবহাওয়া অফিস মঙ্গলবার সকাল নয়টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১২৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে বলে জানিয়েছে।
সহকারী আবহাওয়াবিদ আবদুল হান্নান জানান, বর্ষা মৌসুমের বৃষ্টি হচ্ছে। এটি অব্যাহত থাকবে। দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। তিনি জানান, সকাল ১০টায় জোয়ার শুরু হয়েছে।
বিকেল পৌনে তিনটায় জোয়ারের পানি সর্বোচ্চ স্তরে পৌঁছাবে। এরপর থেকে ভাটা শুরু হবে। রাত সাড়ে ১০টা থেকে আবার জোয়ার আসা শুরু হবে।
চকবাজার এলাকার বাসিন্দা মোহাম্মদ সোহেল রানা জানান, সিডিএ আবাসিকের নিচতলার ভাড়া বাসায় ছিলাম আমি। জোয়ার-ভাটার পানি থেকে বাঁচতে চকবাজার এলাকায় এসেছি।
এখানেও দেখছি নিচতলা বসবাসের অযোগ্য হয়ে উঠছে। পানির জন্য হাঁটাচলা দায় হয়ে পড়েছে।
এদিকে, ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফটিকছড়ি, রাউজান, পটিয়াসহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চলে বন্যা দেখা দিয়েছে।
