মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কেন এই ফল বিপর্যয়?

ওমর ফারুক:

গত বৃহস্পতিবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার পাসের হার ছিল
৬৬.৬৪ শতাংশ। মোট ১২ লাখ ৮৮ হাজার ৭৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৮ লাখ ৫৮ হাজার ৮০১ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৯ হাজার ২৬২ জন। এবার শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও গত বছরের তুলনায় পাসের হার কমেছে ২.২৭ শতাংশ। গত বছর এইচএসসিতে পাসের হার ছিল ৬৮ দশমিক ৯১ শতাংশ, জিপিএ-৫ ও পেয়েছিল ৩৭ হাজার ৭২৬ জন।

অপরদিকে ২০১৮ সালের মাধ্যমিক পরীক্ষায়ও অন্যান্য বছরের তুলনায় পাসের হার কমেছে।
এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ৭৭.৭৭ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। ১০ বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২০ লাখ ২৬ হাজার ৫৭৪ জন। এর মধ্যে পাস করেছে ১৫ লাখ ৭৬ হাজার ১০৪ জন। শেষ কয়েক বছরের তুলনায় এই হার তুলনামূলক কম। গত বছর পাশের হার ছিল ৮০ দশমিক ৩৫ শতাংশ।

শিক্ষাখাতে একের পর এক এমন ফল বিপর্যয় ভাবিয়ে তুলছে দেশের বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের। অভিভাবক ও শিক্ষার্থীরাও তাদের ভবিষ্যত নিয়ে শঙ্কিত।  তবে কেন এ ফল বিপর্যয়, ফল বিপর্যয়ের কারণ ও উত্তরণের কয়েকটি দিক নিয়ে কথা হয় বিশিষ্ট শিক্ষাবিদ ও চট্টগ্রামের এম ই এস ওমর গণী কলেজের অধ্যাপক ড. মাওলানা আ ফ ম খালিদ হোসাইনের সঙ্গে। তিনি প্রশ্ন কঠিন করা ও কলেজগুলোর শিক্ষা ব্যবস্থার দুর্বলতাকে ফল বিপর্যয়ের অন্যতম প্রধান কারণ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি ফাতেহ২৪ কে বলেন, ফল বিপর্যয়ের অনেকগুলো কারণ রয়েছে।

‘প্রথমত বারবার প্রশ্ন ফাঁসের ফলে সরকার অনেকগুলো কৌশল হাতে নিয়েছে। আর এগুলো করতে গিয়ে প্রশ্নও কঠিন করা হয়েছে। এবার সাধারণভাবে চারটি বিষয় অর্থাৎ পদার্থ, রসায়ন, ইংরেজি ও তথ্য-প্রযুক্তি, এসব বিষয়ে শিক্ষার্থীরা বেশি ফেইল করেছে। এসব বিষয়ে প্রশ্নও খুব কঠিন করা হয়েছে। সাধারণত প্রশ্ন করার দুটি ধাপ রয়েছে। প্রাথমিকভাবে প্রশ্ন প্রস্তাবিত হবার পর মডারেট কমিটি প্রশ্ন যাচাই বাছাই করে। মডারেট কমিটি এসব প্রশ্ন কেন যাচাই বাছাই করলো না এ নিয়ে আমার নিজেরও সংশয় আছে। দেশের ভালো ভালো কলেজের শিক্ষার্থীদের আমি দেখেছি, যারা এসএসসিতে ভালো রেজাল্ট করেছে তারাও পরীক্ষা দিয়ে কান্নাকাটি করছে।

‘দ্বিতীয়ত যারা খাতা দেখেন, তাদের অনেকের মাঝেও নানারকম অবহেলা রয়েছে। তারা নিজেরা খাতা না দেখে অন্যদের দিয়ে খাতা দেখান।নিজেরা দেখলেও যথাযথভাবে মূল্যায়ন করেন না। ফলে অনেক সময় যেসব শিক্ষার্থীর ফেল করার কথা ছিল, তারা পাস করে ফেলছে আর যাদের জিপিএ-৫ পাওয়ার কথা ছিল তারা ফেল করছে।

‘তৃতীয় কারণ, আমাদের দেশের কলেজগুলোর শিক্ষার মান নিয়েও প্রশ্ন আছে। ইন্টার লেভেলে শিক্ষার মান অনেকটাই শিথিল। শিক্ষার্থীরা টেস্টে পাস না করেও পরীক্ষায় অংশ নিচ্ছে। অনেকে  টেস্টে ১০০ নাম্বারের মাঝে ১৫, ২০ পেলেও তাদের ফাইনাল পরীক্ষায় নিয়ে নেওয়া হচ্ছে। কলেজে উপস্থিত না থেকেও তারা পরীক্ষায় অংশ নিচ্ছে। তাহলে তাদের কাছ থেকে কীভাবে ভালো রেজাল্টের আশা করা যায়? ভর্তি হয়েও তারা ক্লাস করে না। অথচ মালয়েশিয়াতে আমি দেখেছি শিক্ষার্থীরা কলেজে উপস্থিত না থাকলে তাদের পুরো সেশন স্থগিত করে দেওয়া হয়। আমাদের দেশের  এডুকেশন সিস্টেম নিয়ে সরকারকে আরও ভাবতে হবে।’

তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজেও বলেছেন আমাদের দেশে মাধ্যমিকের শিক্ষার মান নিন্মগামী। শিক্ষার্থীরা বাংলায় সমাস ও প্রত্যয় কাকে বলে তাও বলতে পারে না। তারা ইন্টারে এসে কীভাবে ভালো রেজাল্ট করবে? এসব নিয়ে সরকার, নীতি নির্ধারক ও শিক্ষাবিদ, বুদ্ধিজীবীদের ভাবতে হবে। ভালো রেজাল্ট করতে হলে শিক্ষকদের শিক্ষার্থীদের প্রতি গুরুত্ব দিতে হবে। কোনোভাবেই প্রাথমিক স্তর শেষ না করার আগে সামনের স্তরে এগুতে দেওয়া যাবে না।

আগের সংবাদতালেবানের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের গোপন বৈঠক
পরবর্তি সংবাদআলী আজ জাফীরি, সংগ্রামী এক সাংবাদিকের পথচলা