নারায়ণগঞ্জে মসজিদ কমিটির নেতৃত্ব নিয়ে ক্ষমতাসীন দুই গ্রুপের তুমুল সংঘর্ষ, আহত ১৫

ফাতেহ ডেস্ক

গতকাল মধ্যরাতে নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জের দক্ষিণ নলুয়া জামে মসজিদের কমিটি গঠন নিয়ে দফায় দফায় তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার রাত সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। এ ঘটনায় সিটি কর্পোরেশনের কাউন্সিলর কবীর হোসেনসহ উভয় গ্রুপের অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে, অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে।

এ ঘটনায় আহত নেয়ামত উল্লাহ, সুজন, সত্যজিৎ ও দূর্জয়সহ কয়েকজনকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৮নং ওয়ার্ডের কাউন্সিলর কবীর হোসেন ও সাবেক কাউন্সিলর কামরুল ইসলাম মুন্নার লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর সূত্র ধরেই মুন্নাপন্থীরা রোববার কবীরের ভাগ্নে টিটুকে মারধর করে মসজিদ থেকে বের করে দেয়। এ নিয়ে রাতেই সদর থানায় অভিযোগ জানানো হয়। কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সংঘর্ষ রাত সাড়ে ১২টার দিকে শুরু হয়ে দফায় দফায় চলে রাত দেড়টা পর্যন্ত।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে উভয় পক্ষের লোকজন আগ্নেয়াস্ত্রসহ দেশীয় বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। সংঘর্ষের সময় বেশ কয়েক রাউন্ড গুলির শব্দও শোনা গেছে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়, চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের ওসি কামরুল ইসলাম জানান, সাবেক ও বর্তমান কাউন্সিলরের লোকজনের মধ্যে মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে, এখন এলাকা শান্ত রয়েছে।

আগের সংবাদদিনাজপুরে ধর্ষণের শিকার দিনমজুর মা
পরবর্তি সংবাদযেভাবে ইসলামের আলো খুঁজে পেলেন জাপানি নারী নাকাতা