
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে প্রায় পাঁচ মাস পর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
আগামী বুধবার (২ সেপ্টেম্বর) তাকে বহনকারী বিমানটি রাত ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
রোববার (৩০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, মির্জা আব্বাস বর্তমানে অনেকটাই সুস্থ। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে গত ১১ মার্চ ইফতারে পানি পান করার সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ওই রাতেই তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
পরে ১৫ মার্চ শারীরিক অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকা থেকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে পরবর্তী চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়।
দীর্ঘ চিকিৎসা শেষে বর্তমানে তিনি দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা আব্বাস।
