
সেপ্টেম্বরের শেষ নাগাদ পর্যায়ক্রমে কর্মী পাঠানো শুরু, ৬ মাসে প্রক্রিয়া সম্পন্নের আশা
ফাতেহ২৪ ডেস্ক
মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী পাঠানোর প্রক্রিয়া আগামী সেপ্টেম্বরের শেষ নাগাদ পর্যায়ক্রমে শুরু হবে। আগামী ছয় মাসের মধ্যে কর্মী পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম বলেন, বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি সেপ্টেম্বরের শেষ নাগাদ পর্যায়ক্রমে শুরু হবে। রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনার বরাতে তিনি জানান, আগামী ছয় মাসের মধ্যে কর্মী পাঠানোর প্রক্রিয়া শেষ করার লক্ষ্য রয়েছে।
দুই লাখ কর্মী পাঠানোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, তালিকাভুক্ত কোম্পানিগুলোর মাধ্যমে মোট দুই লাখ কর্মী মালয়েশিয়ায় যাবেন।
এর বাইরে আরও ১০ হাজার বাংলাদেশি শ্রমিককে কোনো খরচ ছাড়াই মালয়েশিয়া নেওয়া হবে বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, অতিরিক্ত ১০ হাজার শ্রমিককে একেবারে বিনা খরচে নেওয়া হবে। অর্থাৎ তাদের জন্য কোনো খরচ থাকবে না।
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর এই উদ্যোগ বাস্তবায়িত হলে বিপুলসংখ্যক বাংলাদেশির বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
