
ফাতেহ ডেস্ক
নতুন করে আর কোনো রোহিঙ্গা ঢুকতে দেয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এজন্য মিয়ানমারের সঙ্গে সীমান্ত বন্ধ করে দেয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। সীমান্ত এলাকায় টহল ও নজরদারি বাড়িয়েছে বিজিবি।
মিয়ানমারের রাখাইনে সেনা অভিযানের পর ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে বাংলাদেশে নতুন করে পালিয়ে আসে ৭ লাখের বেশি রোহিঙ্গা। আগের আশ্রিতদের মিলিয়ে এখন কক্সবাজারে এখন রোহিঙ্গার সংখ্যা অন্তত ১১ লাখ। এখনো বিচ্ছিন্নভাবে রাখাইন থেকে আসছে উদ্বাস্তুরা।
তবে, রোহিঙ্গা স্রোত ঠেকাতে এবার শক্ত অবস্থান নিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আর কোনো রোহিঙ্গা যাতে ঢুকতে না পারে সেজন্য সীমান্ত বন্ধ করে দেয়া হয়েছে। নিজ মন্ত্রণালয়ে জাতিসংঘের শুভেচ্ছা দূত হলিউড সুপারস্টার এঞ্জেলিনা জোলির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
এদিকে বিজিবি মহাপরিচালকও জানান, সীমান্ত দিয়ে অবৈধভাবে আর কাউকে ঢুকতে দেয়া হবে না। পিলখানায় এক অনুষ্ঠানে তিনি বলেন, এরই মধ্যে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি।
রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তের দুর্গম এলাকাতেও নজরদারি বাড়ানোর কথা জানান বিজিবি প্রধান।
