
ফাতেহ ডেস্ক: অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন ঐক্যফ্রন্টের নেতারা। কারো পক্ষে নয়, প্রকৃত সত্য দেশবাসীর কাছে তুলে ধরার আহ্বানও তাদের। বিপরীতে শান্তিপূর্ণ পরিবেশ ও শেষ পর্যন্ত ভোটে থাকার পরামর্শ দিয়েছেন সম্পাদকেরা।
নির্বাচন সামনে রেখে ড. কামাল হোসেনের নেতৃত্বে গণমাধ্যম সম্পাদকদের সঙ্গে বৈঠকে বসেন ঐক্যফ্রন্ট নেতারা। অংশ নেন দেশের প্রথম সারির দৈনিকের সম্পাদক ও আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি, রয়টার্স ও ভয়েজ অব আমেরিকার ২২ প্রতিনিধি।
শুক্রবার বেলা তিনটা থেকে সন্ধ্যা পৌনে ছয়টা পর্যন্ত চলে আলোচনা।
পরে ঐক্যফ্রন্ট নেতারা জানান, দেশবাসী যেন নির্ভয়ে ভোট দিতে পারে আর নির্বাচনটি সত্যিকার অর্থে অবাধ ও নিরপেক্ষ হয়, সে লক্ষ্যেই গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন তারা।
শান্তিপূর্ণ ভোটের বিষয়ে সজাগ থাকার আশ্বাস দিয়ে ঐক্যফ্রন্টকে শেষ পর্যন্ত নির্বাচনে থাকার আহ্বান জানিয়েছেন সম্পাদকেরা। পাশাপাশি, জয়ী হলে, প্রধানমন্ত্রী কে হচ্ছেন সেটি স্পষ্ট করার তাগিদ বিডি নিউজ সম্পাদকের।
বৈঠকে ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন জানিয়েছেন, এবারের ভোট তাদের জন্য চ্যালেঞ্জ, কোনভাবেই তারা তা বর্জন করছেন না।
