
ফাতেহ ডেস্ক: মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট ও হাসপাতালের নির্ধারিত ওয়ার্ডের নির্দিষ্ট বেডে গিয়ে দেখা যায়, সেটি ফাঁকা। এই বেডের রোগী কোথায় জানতে চাইতেই পাশের বেডের রোগীর স্বজন বলে উঠলেন, ‘সৌদি থেকে পাগল হয়ে আসছে যে?’ এরপর জানালেন, মনে হয় বাথরুমে গেছে। কিছুটা সময় অপেক্ষা করতেই বোরকায় ঢাকা হ্যাপি (ছদ্মনাম) ওয়ার্ডে ঢুকলেন, সঙ্গে বোন।
কাছে যেতেই শোনা গেল, বিড়বিড় করে কথা বলছেন হ্যাপি। তবে বাংলায় নয়, আরবিতে। ‘তোমার কথা কিছুই বুঝতে পারছি না বাংলায় বলো’,বোনের এ কথা শুনলেন ঠিকই কিন্তু তাতে ভাষার কোনও পরিবর্তন হলো না। একনাগাড়ে তিনি আরবিতেই কথা বলে যাচ্ছেন।
বোন ছন্দা (ছদ্মনাম) জানালেন, এভাবেই কথা বলতে থাকে হ্যাপি সারাক্ষণ, কিছুই বুঝি না। আকারে ইঙ্গিতে কথা বলতে চাইলেও তাতে ওর ভ্রুক্ষেপ নেই, আরবিতেই কথা বলে যায়। বোনের বর্তমান অবস্থা নিয়ে শঙ্কিত ছন্দা।
হ্যাপির অবস্থা নিয়ে শঙ্কিত মা জোবেদা বেগমও। স্বামী মারা যাবার পর চার মেয়ে আর এক ছেলেকে নিয়ে সংগ্রামী জীবন তার। নারায়ণগঞ্জে বাসা ভাড়া নিয়ে থাকেন।
২৬ বছরের হ্যাপির বিবাহ বিচ্ছেদ হওয়ার পর মায়ের সংসারে সচ্ছলতা আনতে সৌদি যায়। মাকে বলে গিয়েছিলেন, ‘যদি কিছু তোমাদের জন্য করতে পারি।’ ‘কিন্তু সেই মেয়েকে নিয়ে আমি হাসপাতালে পড়ে আছি, মেয়েটা কবে সুস্থ হবে কিছুই জানি না’, বলেন জোবেদা বেগম।
হ্যাপি কবে সৌদি আরব গেল, কীভাবে ফেরত এলো জানতে চাইলে জোবেদা বেগম বলেন, ‘বছর খানেক একবার হ্যাপি সৌদি যায়। সেখানে ১৪ মাস থাকলেও প্রথম ১০ মাস ঠিকমতো বেতন পাঠাতো, ফোনে কথা বলতো। কিন্তু তারপর থেকেই সবধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়।
সে সময়ে এমন কোনও দিন নেই যে হ্যাপিকে পাঠানো ট্রাভেল এজেন্সিতে যাইনি। তাদের কাছে কত মিনতি করেছি- মেয়েটার একটা সংবাদের জন্য, কিন্তু তারা কিছুই বলতে পারেনি। কত কানছি মেয়ের লাইগ্যা, চার মাস পর আমার মেয়ে পাগলের মতো হইয়া বাংলাদেশে আসে। তারপর তাকে নিয়ে পাবনা মানসিক হাসপাতালেও গেছি, তারা ভর্তি রাখে নাই কিন্তু দিনের পর দিন ওষুধ খেতে হয়েছে।’
তিনি আরও বলেন, তারপর সুস্থ হবার পর আবার সেই জেদ- সৌদি যাবে, কারণ-সংসারের অসচ্ছলতা। সংসারের অভাব-অনটন মেয়েটাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছিলো। আমাদের সবার নিষেধ অমান্য করে মেয়েটা গেল, ফিরে এলো আবার সেই অবস্থা নিয়ে। এখন হাসপাতালে ভর্তি, জানি না কবে সুস্থ হবে, কবে বাড়ি যাবো মেয়েটাকে নিয়ে।’
