
ফাতেহ ডেস্ক: ভারত আর সবচেয়ে বেশি সংখ্যক দরিদ্র মানুষের বাসস্থান নয়। অতি দরিদ্র মানুষের সংখ্যার নিরিখে দীর্ঘদিন শীর্ষস্থান ধরে রাখার পর শেষমেশ লজ্জাজনক এই পরিসংখ্যান থেকে শাপমুক্তি ঘটল ভারতের।
দ্য ব্রুকিংস ইনস্টিটিউশনের ওই রিপোর্ট অনুযায়ী নাইজিরিয়ায় বসবাসকারী অতি দরিদ্র মানুষের সংখ্যা ছাপিয়ে গেছে ভারতকে।
খাদ্য বস্ত্র আর বাসস্থান – দারিদ্র মাপার এই মৌলিক মাপকাঠিগুলোতে অনেকটাই উন্নতি করেছে ১৩২ কোটির দেশ। বিশ্বে প্রতি সেকেন্ডে কত মানুষ দারিদ্রসীমার উপরে ওঠেন তা মাপার এক পদ্ধতি ওয়ার্ল্ড পভার্টি ক্লক।
সেই পভার্টি ক্লকের তথ্যে ভর করেই প্রতিবেদনটি তৈরি করেছে মার্কিন সংস্থা দ্য ব্রুকিংস ইনস্টিটিউশন। মূলত আর্থিক অগ্রগতির উপর ভর করেই ভারতের শাপমুক্তি ঘটেছে।
জুন মাসে প্রকাশিত ওই রিপোর্ট অনুযায়ী বর্তমানে আট কোটি ৭০ লক্ষ অতি দরিদ্র মানুষের বাস নাইজিরিয়াতে। সাত কোটি ৬ লক্ষ অতি দরিদ্র মানুষের বাসস্থান হিসেবে ভারত দু-নম্বরে।
এই সব মানুষেরই আয় দৈনিক ১.৯০ ডলারের কম, ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৩০ টাকা। তবে ভারতের ক্ষেত্রে আশাব্যঞ্জক বিষয়, প্রতি মিনিটে যেখানে নাইজিরিয়াতে ছ’জন মানুষ অতি দারিদ্রসীমার নীচে নামেন, সেখানে প্রতি মিনিটে ৪৪জন ভারতীয় অতি দারিদ্রসীমার ঊর্ধ্বে ওঠেন।
