
ফাতেহ ডেস্ক: স্বর্ণ নীতিমালা-২০১৮ এর খসড়া মন্ত্রিসভায় অনুমোদনে সন্তোষ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি। পাশাপাশি স্বর্ণখাতের জন্য নীতিমালার আলোকে একটি পূর্ণাঙ্গ আইন প্রণয়নের দাবি জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবি এ দাবি জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নীতিমালাটির ফলে দীর্ঘদিন ধরে স্বর্ণখাতে বিদ্যমান সুশাসনের অভাব দূর হবে। এ খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে বলেও মনে করছে টিআইবি।
তবে এ প্রত্যাশা পূরণের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ব্যবসায়ীকে নীতিমালার কঠোর বাস্তবায়নের তাগিদ দিয়েছে সংস্থাটি। আর এজন্য প্রয়োজন সব পর্যায়ে রাজনৈতিক সদিচ্ছা।
