
কাজী মাহবুবুর রহমান ঃ
ঢাকায় এসে যখন ইবতেদায়ীতে ভর্তি হই, তখন আমাদের ক্লাসের কিতাবগুলি ছিল ছোট ছোট। পেপারব্যাক মলাট। বড়দের ক্লাসগুলিতে উঁকি দিয়ে দেখতাম, তারা বড় বড় কিতাব পড়েন। দারুল হাদিসের বড় ভাইরা বুখারী শরিফ কাঁধে নিয়ে ক্লাসে যেতেন, এই দৃশ্য আমাদের ভেতর ভীষণ রকমের রোমাঞ্চ উথলে দিত। একদিন আমরাও বড় হব। বড় বড় কিতাব পড়ব। কিতাবের পাশে বাঁকা বাঁকা অক্ষরে লেখা হাশিয়া ( টিকা ) পড়ব।
শ্রদ্ধেয় সাবের চৌধুরী লিখেছিলেন, অভ্যস্ততা মুগ্ধতা কেড়ে নেয়। কথাটা সত্যি। দারুল হাদিসে পড়ার আগেই বড় বড় কিতাব হাতে এসেছে। বাঁকা অক্ষরের হাশিয়াও পড়া হয়েছে। বিশেষ করে ফজিলত জামাত পড়ার কল্যাণে হাদিসের সঙ্গে পরিচিতিও হয়েছে বেশ। তবু যখন কুতুবে সিত্তাহ সামনে নিয়ে বসি, গম্ভীর স্বরে হাদিস শরীফ পড়া শুরু হয়, ভক্তিতে, শ্রদ্ধায়, বিশ্বাসে আমরা নত হয়ে যাই। সেই পুরনো রোমাঞ্চ আবার জেগে ওঠে।
নবীজী আমাদের ছেড়ে চলে গেছেন অনেক বছর আগে। আমরা তাকে দেখিনি। তবু বিনাবাক্য ব্যায়ে বিশ্বাস করি তিনি আল্লাহর রাসুল। আমরা তার আনুগত্য করি। আমরা তাকে ভালবাসি। শুনেছি তিনি কথা বললে কথাগুলি মুক্তোর মত ঝড়ত। যেই পথে তিনি হেটে যেতেন, বহুক্ষণ সেই পথে অপার্থিব সুগন্ধি লেগে থাকত। আমাদের চির আক্ষেপ, আমরা তার কথা শুনি নি। কিন্তু আমাদের হৃদয় তা শুনতে উদগ্রীব। আমরা তার সুগন্ধে মোহিত হতে পারিনি। কিন্তু আমাদের হৃদয় মোহিত হবার অপেক্ষায় থাকে।
আমাদের হৃদয়ের এমন তপ্ত বাসনা একটু একটু করে শীতল হয়, যখন আমরা আমাদের শাইখদের মুখে হাদিস শুনি। যেন কল্পনার রাজ্যে ঘন্টার পর ঘন্টার চষে বেড়াচ্ছি মদিনার অলিগলি, যুদ্ধক্ষেত্র বা নবীজির মজলিসে। হাদিসের দরসের এই অনুভূতিটুকু বড় মুল্যবান।
কিতাব বিভাগের এটাই শেষ বছর। অনেক দিনের অপেক্ষা ও আকাঙখার বছর। এই বছরটা মারাত্মক ব্যস্ততায় কাটে। ফজরের পরই শুরু হয় দরস। সারাদিন চলতেই থাকে। খাবার ও নামাজের বিরতি ছাড়া বলতে গেলে আর কোনো সময়ই থাকে না। সারাদিন হাদিসের ভেতর ডুবে থাকা। বছরের শেষ দিকে এই ব্যস্ততা আরো চরমে পৌঁছে।
একসময় আমরা এই ব্যস্ততা, এই সারাদিন ক্লাস, দম ফেলতে সুযোগ না পাওয়াকে ভালোবেসে ফেলি। এই দিনগুলি শেষ হয়ে যাবে ভাবলেই বলতে ইচ্ছে করে, আরেকটু ধীরে বহো সময়। আরো কিছু বেশিদিন এই ব্যস্ততায়, এই হাদিসের পাতায় পাতায় জড়িয়ে রাখো আমাদের।
