
ফাতেহ ডেস্ক: চিকিৎসাবিদ্যায় পদক ঘোষণার মধ্য দিয়ে সোমবার শুরু হচ্ছে এবারের নোবেল পুরষ্কারের আসর। তবে, ৭০ বছরের মধ্যে এবারই প্রথম থাকছে না সাহিত্যে নোবেল। যৌন কেলেঙ্কারির জেরে এ সিদ্ধান্ত নেয় সুইডিশ একাডেমি।
এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার দেয়া হচ্ছে না- তা আগেই ঘোষণা দিয়েছিল সুইডিশ একাডেমি। গত বছরের নভেম্বরে একাডেমির সদস্য, লেখক ক্যাটারিনা ফ্রস্টেনসনের স্বামীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন ১৮ জন নারী।
এ অভিযোগকে কেন্দ্র করে বিভক্ত হয়ে পড়েন একাডেমি সদস্যরা। শেষ পর্যন্ত পদত্যাগ করেন ক্যাটারিনাসহ ৬ সদস্য। যার মধ্যে ছিলেন সুইডিশ একাডেমির প্রধানও।
এর পরই এক বিবৃতিতে সুইডিশ একাডেমি জানায়, সংস্থাটিকে সক্রিয় করে তুলতে এবং এর প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার দেয়া হবে না। আগামী বছর ২০১৮ ও ২০১৯ সালের দুটি পদক একবারে ঘোষণা করা হবে।
নোবেল ফাউন্ডেশন পরিচালক লার্স হেইকেন্সটেইন বলেন, সংগঠনের দুর্বলতা রয়েছে। তবে এমন কিছু ঘটবে তা ভাবেনি। আশা করছি, দ্রুতই সবকিছু আগের মতো হবে।
বিকল্প হিসেবে এবার সুইডিশ সোসাইটি দেবে ‘নিউ একাডেমি প্রাইজ। সোসাইটির ১০০ সদস্যের প্রকাশ্য ভোটে বেছে নেয়া হবে বিজয়ী। আগামী ১২ অক্টোবর এ পুরস্কার ঘোষণা করা হবে। তবে নিউ একাডেমি প্রাইজের চূড়ান্ত তালিকায় নাম থাকলেও তাকে বাদ দেয়ার আহ্বান জানিয়েছেন জাপানি লেখক হারুকি মুরাকামি।
বিশ্বযুদ্ধের সময় ছাড়া মাত্র একবার সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়নি। ১৯৩৫ সালে যোগ্য কাউকে খুঁজে পায়নি একাডেমি।
