ভারত কি পাকিস্তানে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে?

ফাতেহ ডেস্ক

কাশ্মীরে ভারতীয় বাহিনীর ওপর বোমা হামলার ৪৮ ঘণ্টা যেতে না যেতেই পাল্টা ব্যবস্থা নেয়া শুরু করেছে ভারত। এরই মধ্যে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় জোরদার মহড়ায় নেমে গেছে ভারতীয় বিমান বাহিনী। রাজস্থানে সীমান্ত সংলগ্ন পোখরানে শনিবার রাতে মহড়া দেয় ১৪০টি যুদ্ধবিমান।

ভারতীয় বিমান বাহিনীর প্রধান বিএস ধানোয়া এই মহড়ার উদ্দেশ্যের কথা গণমাধ্যমের কাছে স্বীকার করেছেন। তিনি বলেন, এই যুদ্ধমহড়ায় আমরা শত্রুদের কাছে নিজেদের ক্ষমতা প্রদর্শন করেছি। আমাদের শত্রুদের বোঝা উচিত যে, তারা আমাদের কখনোই হারাতে পারবে না।‌

‘বায়ু শক্তি ২০১৯’ নামে এই মহড়ায় ভারতীয় সেনা প্রধান বিপিন রাওয়াতও উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

আকস্মিক এই বিমান মহড়ায় ভারতীয় বিমান বাহিনীর মিগ–২১, ২৭, ২৯ ছাড়াও জাগুয়ার, সুখোই, তেজসের মতো অত্যাধুনিক বিমানগুলো অংশ নেয়।

ইতোমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার কথা ঘোষণা করেছেন। তার এই ঘোষণার পর এ ধরনের সামরিক তৎপরতা পাকিস্তানের জন্য একটি ইঙ্গিত বলে মনে করছেন অন্যরা।

এই মহড়ায় এলসিএ তেজস, অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার, আকাশ (সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র), অ্যাস্ট্রা (এয়ার টু এয়ার মিসাইল)–সহ সুখোই-৩০-এর মতো বিমান বিভিন্ন রণকৌশল প্রদর্শন করে। মহড়ার কারণে শনিবার রাতে পোখরানের আকাশ ছিলো আলোকোজ্জ্বল।

মহড়ায় প্রথমবারের মতো অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার আকাশ (সারফেস টু এয়ার মিসাইল) সামরিক মহড়ায় অংশ নিয়েছিলো বলে জানিয়েছে ভারতীয় বিমান বাহিনী।

সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এই মহড়ার মাধ্যমে ভারত পাকিস্তানের ওপর আক্রমণের ইঙ্গিত দিয়ে রাখলো। উস্কানি দিলে ভারত কোনোভাবেই ছাড় দিবে না এই মহড়া তারই প্রমাণ।

আগের সংবাদসবধরণের পর্নগ্রাফি ও অশ্লীল ভিডিও’র সাইট বন্ধ করছে বাংলাদেশ
পরবর্তি সংবাদসিরাজগঞ্জে নির্মাণাধীন ভবন ধসে ২ শ্রমিকের মৃত্যু