পেট্রোল বোমা হামলায় পাল্টাপাল্টি দোষারোপ আ. লীগ-বিএনপির

ফাতেহ ডেস্ক

চট্টগ্রামের সীতাকুণ্ডে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় পেট্রোল বোমা হামলা নিয়ে একে অপরকে দুষছে আওয়ামী লীগ ও বিএনপি।

গতকাল মঙ্গলবারের ওই হামলার ঘটনায় চার বছর পর আবারও পেট্রোল বোমা আতঙ্ক দেখা দিয়েছে সীতাকুণ্ডের মানুষের মনে। তবে, এধরনের কোন নৈরাজ্য প্রশ্রয় না দেয়ার ঘোষণা দিয়েছে পুলিশ।

২০১৩-১৪ সালে সকাল-বিকাল পেট্রোলবোমা হামলায় অস্থির ছিলো ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকা। সেসময় ওই এলাকায় পেট্রোল বোমায় পুড়েছিলো প্রায় ১১শ যানবাহন। সেসব হামলায় অগ্নিদ্বগ্ধ হন শতাধিক মানুষ, মারা যান অন্তত ৫ জন।

মঙ্গলবার সীতাকুণ্ডের জাহানাবাদে আওয়ামী লীগ প্রার্থীর প্রচারণায় পেট্রোল বোমা হামলার ঘটনায় আবারও ফিরে এসেছে আতঙ্ক। ওই হামলায় তিনজন দগ্ধসহ আহত হয়েছে অন্তত দশজন। হামলা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ আওয়ামী লীগ-বিএনপির।

এদিকে, নির্বাচনের আগে আবারও পেট্রোল বোমার ব্যবহারে চিন্তার ভাঁজ সাধারণের মনে। যদিও পুলিশ বলছে, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী তৎপর তারা। আগেরবারের মতো পেট্রোল বোমার নাশকতা এবার অসম্ভব বলে মনে করছেন পুলিশ কর্মকর্তারা।

আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী ছাড়াও এবারের নির্বাচনে সীতাকুণ্ডে মাঠে রয়েছেন জাতীয় পার্টি, ইসলামী ফ্রন্ট, ইসলামী আন্দোলন ও ইসলামিক ফ্রন্টের আরও চার প্রার্থী।

আগের সংবাদরাজধানীতে কমপ্রেশার বিস্ফোরণে নিহত ১
পরবর্তি সংবাদহাইকোর্টে বিএনপির তিন নেতার প্রার্থিতা বাতিল