ছয় মাসে হাজারো মানুষ বেকার, দিনে গড়ে ১০ খুন—সরকারের ব্যর্থতার সাক্ষ্য: পীর সাহেব চরমোনাই

পীর সাহেব চরমোনাই সরকারের ছয় মাসের কার্যক্রম নিয়ে বক্তব্য দিচ্ছেন
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই।

প্রতিশ্রুতির বাস্তবায়ন না হওয়ায় হতাশা, আইনশৃঙ্খলা ও জ্বালানি সংকট নিয়েও সরকারের সমালোচনা

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেছেন, নির্বাচনের আগে বিএনপি নেতৃত্ব এক কোটি কর্মসংস্থান সৃষ্টি, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সরকার গঠনের ছয় মাস পার হলেও এসব প্রতিশ্রুতির বাস্তবায়নের ন্যূনতম লক্ষণও দেখা যাচ্ছে না।

বরং বিভিন্ন ক্ষেত্রে পরিস্থিতি আরও নাজুক হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

শনিবার (২৯ আগস্ট) রাজধানীর বিএমএ মিলনায়তনে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পীর সাহেব চরমোনাই বলেন, গত ছয় মাসে শুধু তৈরি পোশাক (আরএমজি) খাতেই প্রায় ২০ হাজার মানুষ বেকার হয়েছেন বলে তথ্য পাওয়া যাচ্ছে। তার দাবি, দেশে প্রতিদিন গড়ে ১০ জন করে মানুষ খুন হচ্ছেন। পাশাপাশি লোডশেডিং মাত্রা ছাড়িয়েছে এবং জ্বালানি সংকট দেশের স্থিতিশীলতাকে প্রশ্নের মুখে ফেলেছে।

তিনি বলেন, “সার্বিকভাবে সরকারের প্রথম ছয় মাস সরকারের ব্যর্থতার সাক্ষ্য দেয়।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, মানুষ হত্যার পর পুলিশ আসামিদের গ্রেপ্তার করলেও অনেক ক্ষেত্রে বিচার হয় না। নিম্ন আদালতে রায় হলেও তা কার্যকর না হওয়ায় বিচারপ্রক্রিয়া প্রশ্নের মুখে পড়ছে। জনগণের প্রত্যাশা ছিল, অপরাধ সংঘটিত হওয়ার আগেই পুলিশ সক্রিয় হবে এবং অপরাধীদের নিষ্ক্রিয় করা হবে। কিন্তু সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে কাঙ্ক্ষিত মাত্রায় কার্যকর করতে ব্যর্থ হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলনের আমির বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, লোডশেডিং কমাতে হবে, জ্বালানি সংকটের সমাধান করতে হবে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় মানুষের ক্ষোভ সীমা ছাড়িয়ে যেতে পারে বলেও সতর্ক করেন তিনি।

সংস্কার নিয়ে সরকারের ভূমিকা হতাশাজনক: পীর সাহেব চরমোনাই

সংস্কার প্রসঙ্গে পীর সাহেব চরমোনাই বলেন, এ বিষয়ে তারা বারবার কথা বলে আসছেন। কিন্তু সংস্কারের ক্ষেত্রে সরকারের ভূমিকা হতাশাজনক।

তিনি দাবি করেন, জুলাই সনদে রাষ্ট্রপতি নির্বাচনসংক্রান্ত বিষয়ে জাতীয় ঐকমত্য তৈরি হয়েছিল। কিন্তু সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনেও সেই সর্বসম্মত বিষয় অনুসরণ করা হয়নি।

সংস্কারের অন্যান্য বিষয়েও সরকার বিরুদ্ধ অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

পীর সাহেব চরমোনাই বলেন, সাংবিধানিক সুযোগ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর দুর্বলতার সুযোগ নিয়েই দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। তাই জুলাই সনদের আলোকে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে স্বৈরতন্ত্রের চিরস্থায়ী বিলোপ নিশ্চিত করা জরুরি।

তিনি সরকারকে সতর্ক করে বলেন, সংস্কার না করা হলে যে ভয়াবহ পরিণতির আশঙ্কা তৈরি হবে, তার দায় সরকারকেই নিতে হবে।

বার্তা প্রেরক:
শেখ ফজলুল করীম মারুফ
সহকারী মহাসচিব ও বিভাগীয় প্রধান
কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগ
ইসলামী আন্দোলন বাংলাদেশ

আগের সংবাদলুট ও অবৈধ অস্ত্র উদ্ধারে সারা দেশে জোরদার অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তি সংবাদবিনা খরচে ১০ হাজারসহ মালয়েশিয়া যাবে ২ লাখ বাংলাদেশি শ্রমিক