
ফাতেহ ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাধারণ মানুষ যেন পুলিশ সদস্যদের হাতে হয়রানির শিকার না হয় সেদিকে নজর রাখতে হবে। পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন্সে প্যারেড পরিদর্শন শেষে বক্তৃতায় তিনি এ নির্দেশ দেন। এ সময় পুলিশের ৩৪৯ জন সদস্যকে বিপিএম এবং পিপিএম পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী।
পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন্সে এই আয়োজন। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অশ্বারোহী দল এ সজ্জিত হয়ে পুলিশ লাইন্সে পৌঁছালে তাকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল,পুলিশ প্রধান জাবেদ পাটোয়ারীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পুলিশ প্রধানকে সাথে নিয়ে এসময় প্যারেড পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। মাঠে পুলিশ ও র্যাবের ১১ টি কন্টিনজেন্টের চৌকস সদস্যরা প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেয়।
পরে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ পুলিশের ১৪৪ জনকে বিপিএম এবং ২০৫ জনকে পিপিএম পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী।
সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার পাশাপাশি সড়কের নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দেন প্রধানমন্ত্রী।
পেশাগত দায়িত্ব পালনের সময় পুলিশকে জনবান্ধব হওয়ারও আহ্বান জানান সরকার প্রধান।
গত ১০ বছরে বাহিনীতে প্রায় ৯১ হাজার পদ সৃষ্টি করে জনবল বাড়ানো হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বাহিনীর আধুনিকীকরণে যা কিছু প্রয়োজন সবই করবে সরকার।
