
ফাতেহ ডেস্ক: শরীয়তপুরের জাজিরায় পুলিশের মারধরে কলেজ শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত রোকনুজ্জামান পাভেলের মরদহ ময়নাতদন্তের জন্য সকালে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তে জড়িতের প্রমাণ পেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে বিকেনগর আনন্দবাজারে বন্ধুর দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন পাভেল ও তার চাচাতো ভাই শান্ত শেখ। এসময় ঘটনাস্থলে আসে জাজিরা থানার টহল পুলিশের ৪ সদস্যের দল। তাদের পকেট তল্লাশী করতে চাইলে বাধা দেন পাভেল। নিজে সব বের করে দেখাবে বলে পুলিশকে তার পকেটে হাত না দিতে অনুরোধ করেন।
পরিবারের অভিযোগ, সাদা পোশাকে থাকা ২ পুলিশ সদস্য বুকে আঘাত করলে মাটিতে লুটিয়ে পরে পাভেল। পুলিশ ও স্থানীয়রা জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা। তদন্তে প্রমাণ মিললে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন পুলিশ সুপার।
রোকনুজ্জামান পাভেল এবার বিকে নগর বঙ্গবন্ধু কলেজ থেকে এইচএসসি পাশ করেছিল। সে পূর্ব কাজীকান্দি গ্রামের আব্দুর রব শেখের ছেলে।
/
