পরকিয়া একটি জীবনবিধ্বংসী কবিরা গুনাহ

ফাতেহ২৪ ইসলাম

পরকীয়া যদি অপরাধ না হয়, সব অবৈধ মেলামেশা যদি বৈধ হয়, তাহলে সন্তান কার? সন্তানের অভিভাবকত্ব কে নেবে? ‘পরকীয়া অপরাধ নয়’। ভারতীয় সুপ্রিমকোর্টের এই রায় একটি সাজানো, গোছানো, শান্তিময় পরিবারে ভাঙনের পথ প্রশস্ত করবে নিশ্চয়ই।

‘স্বামী’ তার সংসার, স্ত্রী, ছেলে-মেয়ে ছেড়ে অন্যের বউয়ের সঙ্গে পরকীয়া করবে; অনুরূপ ‘স্ত্রী’ তার স্বামীর ভালোবাসা, বিশ্বাস, সংসার, সন্তান ছেড়ে অন্য মহিলার স্বামীর সঙ্গে পরকীয়া করবে। যে যেমন খুশি চলবে, স্বামী-স্ত্রীর পরস্পর বিশ্বাসের অমর্যাদা করবে, রোগ-জীবাণু ছড়াবে, সংসারে অশান্তি করবে, অপকর্ম করবে, বিবাহ বিচ্ছেদ, মারামারিসহ যা-ই করুকÑ কোনো অভিযোগ বা মামলা হবে না।

কারণ পরকীয়া বৈধ! আশ্চর্যজনক ব্যাপার হলো, রায় পড়ার সময় ভারতের প্রধান বিচারপতি দীপক মিশ্র বলেন, ‘সন্দেহ নেই, পরকীয়া বিবাহবিচ্ছেদের অন্যতম কারণ; কিন্তু একে অপরাধ বলা যায় না।’ ভারতীয় সুপ্রিমকোর্টের এই রায়ের ফলশ্রুতিতে স্পষ্টতই বৈবাহিক সম্পর্ক ব্যতীত মেয়েরা ভোগ্যপণ্য হিসেবেই স্বীকৃত হলো। এটা কি কোনো ভদ্র, সভ্য, সম্ভ্রান্ত, সুশিক্ষিত মহিলাদের জন্য সম্মান ও মর্যাদার কারণ হয়েছে?

অসুস্থ সংস্কৃতি লালনে পারঙ্গম ভারত এক মাসে সমকামিতা ও পরকীয়ার মতো দুটি সামাজিকতা ও সভ্যতাবিরোধী অপকর্মকে সমর্থন দিল। অথচ সৃষ্টির শুরু থেকেই সমকামী ও পরকীয়া জঘন্যতম পাপ বলে বিবেচিত। রুচিবিকৃতির নিকৃষ্টতম পর্যায় পৌঁছলেই কেউ সমকামিতা ও পরকীয়ায় লিপ্ত হতে পারে। বিশ্বের বেশির ভাগ দেশেই এগুলো অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টধর্মেও এগুলোর অনুমতি দেয় না। মানুষ রুচিবিকৃতির কারণে বিপরীত লিঙ্গের পরিবর্তে সমলিঙ্গে আকর্ষণ অনুভব করলেও কোনো ইতর ও পশু প্রাণীকেও এমনটা করতে কখনও দেখা যায় না। এসব বিকৃত মানসিকতা চরিতার্থের কোনো ন্যায্যতা ও গ্রহণযোগ্যতা থাকতে পারে না।

ব্যক্তিস্বাধীনতার নামে একটি পবিত্র সামাজিক বন্ধন ভেঙে দেওয়া যায় না। পরকীয়া অপরাধ নয় কেন? পরকীয়ার মাধ্যমে স্বামী-স্ত্রী পরস্পরকে ধোঁকা দেয় ও ঠকায়। বিয়ে অটুট রেখে একজন আরেকজনকে প্রবঞ্চনা, প্রতারণা ও ধোঁকা দেওয়া কি অপরাধ নয়? পরকীয়া তো যৌনপেশার চেয়েও ঘৃণিত। কারণ, পুরুষ যখন একজন যৌনকর্মীর কাছে যায়, তারা ধরেই নেয় সেই যৌনকর্মীর স্বামী নেই, স্বামীর প্রতি কমিটমেন্ট ভাঙার প্রশ্ন নেই। পরকীয়া কোনো সুস্থ সমাজের অংশ নয়। শুধু লম্পট, অসচ্চরিত্র, বহুগামী নারী-পুরুষই এতে উল্লসিত হবে।
একজন নরনারী স্বামী-স্ত্রীর বন্ধনে আবদ্ধ হয় যে পদ্ধতিতে, তাতে কিছু লিখিত, কিছু মৌখিক বিশ্বাস ও শর্ত থাকে। এছাড়া স্বামী-স্ত্রীর মধ্যে একটি অব্যক্ত আস্থা, ভরসা ও বিশ্বাস রক্ষা করার প্রতিশ্রুতি থাকে। বিয়েশাদি হয় পরিবার, সমাজ, প্রকৃতি রক্ষা করার জন্য। এরূপ একটি পবিত্র ও মহান কাজকে পশুর জাতিতে রূপান্তর করা কি কোনো দেশের সংবিধানের দায়িত্বের মধ্যে পড়ে!

এছাড়াও সমকাম ও পরকীয়া যে স্বাস্থ্যসম্মত নয়, তাও বিভিন্ন গবেষণায় এসেছে। সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, সমকামিতা ও পরকীয়ার ফলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি দেখা দিতে পারে। তাই ভারতীয় সুপ্রিমকোর্টের মামলার রায় আবারও রিভিউ হওয়া জরুরি বলে মনে করেন সুস্থ বিবেকবান সচেতন মানুষ।

আগের সংবাদ‘আমার কথা ভুলভাবে প্রচার করা হয়েছে, তবে আমি সবার প্রতি বিরক্ত’
পরবর্তি সংবাদশহিদুলের ডিভিশন বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ