
ফাতেহ ডেস্ক
পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো ঘোষনা করা হয়েছে। রোববার বিকেলে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সভাপতিত্বে অনুষ্ঠিত মজুরি পর্যালোচনা সংক্রান্ত ত্রিপক্ষীয় কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। নতুন মজুরি কাঠামো অনুয়ায়ী ১ম গ্রেডে মোট ১৮,২৫৭ টাকা, ২য় গ্রেডে ১৫,৪১৬ টাকা, ৩য় গ্রেডে ৯,৮৪৫ টাকা, ৪র্থ গ্রেডে ৯,৩৪৭ টাকা, ৫ম গ্রেডে ৮,৮৭৫ এবং ৬ষ্ঠ গ্রেডে মোট ৮,৪০৫ টাকা।
সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের জেরে মজুরি কাঠামো সমন্বয় করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। নির্দেশনা অনুযায়ী মজুরি কাঠামো সমন্বয়ের সিদ্ধান্ত নেয় শ্রম মন্ত্রণালয়। গঠন করা হয় মজুরি পর্যালোচনা সংক্রান্ত ত্রিপক্ষীয় কমিটি।
শনিবার সচিবালয়ে জরুরি সভায় পোশাক শ্রমিকদের আপত্তি থাকা ৩টি গ্রেডের মজুরি সমন্বয়ের সিদ্ধান্ত হয়। বৈঠকে জানানো হয়, দু এক দিনের মধ্যে মজুরি কাঠামোর ৩, ৪ ও ৫ নম্বর গ্রেডে বেতন কাঠামো সমন্বয়য়ে সমঝোতা বিষয়ে ঘোষণা দেয়া হবে। মজুরি কাঠামোর অসঙ্গতি দূর করার দাবিতে এক সপ্তাহেরও বেশি সময় ধরে ঢাকাসহ আশপাশের বেশ কিছু এলাকায় বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা।
উল্লেখ্য, গতবছর ২৫ নভেম্বর পোশাকশিল্পের জন্য নতুন মজুরি কাঠামোর প্রজ্ঞাপন জারি করে শ্রম মন্ত্রণালয়। তাতে নিম্নতম মজুরি ৮ হাজার টাকায় দাঁড়ায়। গতবছরের ডিসেম্বরে নতুন মজুরিকাঠামো কার্যকর হয়।
