প্রধানমন্ত্রী মিথ্যাচার করছেন বিদেশে : রিজভী

ফাতেহ ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে গিয়ে মিথ্যাচার করছেন। বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী দেশে এক কথা বলেন, বিদেশে বলেন অন্যকথা। নিউইয়র্কে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি বলেছেন- সব দলের অংশগ্রহণে বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করছে সরকার। প্রধানমন্ত্রীর এই বক্তব্য সম্পূর্ণভাবে মিথ্যা।

কারণ এখন পর্যন্ত আগামী জাতীয় নির্বাচন নিয়ে সরকারের সকল পদক্ষেপ একতরফা নির্বাচনেরই আলামত। কিন্তু এবার আর একতরফা নির্বাচন করার সুযোগ পাবেন না শেখ হাসিনা।’

তিনি আরো বলেন, ‘বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলা সরকার গুম, বেআইনি হত্যা, নির্দোষ মানুষদের গ্রেফতার ও মামলা দিয়ে হয়রানির কোনো কিছুই বাদ দিচ্ছে না। এরা মানবাধিকারকে পায়ে দলতে যে দ্বিধা করে না, তার বহু তথ্য সাবেক প্রধান বিচারপতির লেখা বই থেকে পাওয়া যাচ্ছে।

সাগর-রুনী হত্যার এখনও কুল-কিনারা করতে পারেনি, অথচ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে- এসকে সিনহা এক সাক্ষাৎকারে বলেছেন- সাগর-রুনী হত্যার বিষয়ে প্রধানমন্ত্রী জানেন। আসলে অনাচারের প্যান্ডোরার বাক্স খুলে যাওয়াতে সরকার এখন দিশেহারা।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জে এম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন প্রমুখ।

আগের সংবাদগোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
পরবর্তি সংবাদঋণখেলাপিরা নির্লজ্জ: অর্থমন্ত্রী