
ওমর ফারুক:
বোরকাসহ মুখ ঢাকা যায় এমন সব পোশাক প্রকাশ্যে পরা নিষিদ্ধ করে গত মে মাসের শেষের দিকে আইন পাস করে ডেনমার্ক সরকার। ১ লা আগস্ট এই আইন কার্যকরের পর থেকে প্রতিবাদে মাঠে নামেন মুসলিম নারীরা। আন্দোলন প্রতিবাদের মাঝেই প্রকাশ্যে নেকাব পরার অভিযোগে প্রথম কোনো নারীর ওপর জরিমান আরোপ করলো দেশটির প্রশাসন। খবর: জিও নিউজ উর্দু
এএফপির তথ্য মতে, ২৮ বছর বয়সী ওই নারী নেকাব পরে একটি মার্কেটে যান। সেখানে অপর একজন নারী তাকে জোরপূর্বক নেকাব খুলতে বলেন। দু’জনের মাঝে বাকবিতণ্ডার মাঝেই সেখানে পুলিশ উপস্থিত হয়। এসময় প্রকাশ্যে নেকাব পরার অভিযোগে ঐ মুসলিম নারীকে কারাগারে নেওয়া হয় ও এক হাজার ক্রোনার জরিমানা করা হয়। সহিংসতা ছড়ানোর অভিযোগে অপর নারীকেও জরিমানা করা হয়। নেকাব নিষিদ্ধ ও নারীর ওপর জরিমানা আরোপের এই ঘটনায় নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ।
উল্লেখ্য, গত মে মাসের শেষের দিকে ডেনিশ পার্লামেন্টে এ সংক্রান্ত বিলটি উত্থাপন করে মধ্য-ডানপন্থী জোট সরকার। ৭৫-৩০ ভোটে বিলটি পাস হয়ে আইনে পরিণত হয়। এই সময় ভোটদানে বিরত থাকেন ৭৪ জন। আইন অমান্যকারীকে প্রথম দফায় ১ হাজার ডেনিশ ক্রোনার এবং দ্বিতীয় দফায় ১০ হাজার ক্রোনার জরিমানার বিধান রাখা হয়েছে পাস হওয়া বিলে। বিতর্কিত এই আইনের বিরোধিতা করছে ‘পার্টি রিবেলস’ নামের একটি মানবাধিকার গ্রুপ। গ্রুপেরই একজন সক্রিয় কর্মী সাশা অ্যান্ডারসন ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর বৈষম্যমূলক আইন চাপিয়ে দেয়ার প্রতিবাদে গত বুধবার বিক্ষোভের ডাক দেন। বৃহস্পতিবার দেশটির রাজধানী কোপেনহেগেনেও শত শত মানুষ বিক্ষোভ করেছেন।
প্রসঙ্গত, গত এক দশকেরও বেশি সময় ধরে ইউরোপীয় দেশগুলোতে নিকাব নিষিদ্ধ করার বিষয়টি বিপুল বিতর্কের জন্ম দিয়েছে। ডেনমার্কের আগে ফ্রান্স, বেলজিয়াম, অস্ট্রিয়া ও জার্মানিতেও নিকাবের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
