
ফাতেহ ডেস্ক : ‘আল-হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের উদ্যোগে আগামীকাল রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে শুকরানা মাহফিল। আর এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে সোহরাওয়ার্দী উদ্যান।
কওমি শিক্ষার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসকে স্নাতকোত্তরের সমমান দেওয়ায় এ শুকরানা মাহফিল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেওয়া হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আল-হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ ও হেফাজতে ইসলামের আমির মাওলানা আল্লামা আহমেদ শফি।
এ উপলক্ষে এক সপ্তাহেরও বেশি সময় ধরে সোহরাওয়ার্দী উদ্যানে মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ চলছে। উদ্যানে নিয়মিত প্রাতঃভ্রমণকারীরা বলেছেন, প্রধানমন্ত্রী আগেও অনেক অনুষ্ঠানে যোগ দিতে সোহরাওযার্দী উদ্যানে এসেছেন। কিন্তু এবারের আয়োজন একটু ব্যতিক্রম। বিশাল এলাকা জুড়ে প্যান্ডেল, বসার জন্য চেয়ার, বিভিন্ন স্থানে পর্য়াপ্ত সংখ্যক টয়লেট ও সুপেয় পানির ব্যবস্থা দেখে মনে হয়েছে অনুষ্ঠানে বিশাল জনসমাগম হবে।
শনিবার বিকেল ৩টায় সরেজমিন সোহরাওয়ার্দী উদ্যান ঘুরে দেখা গেছে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নিরাপত্তার জন্য দুপুর থেকে উদ্যানে সাধারণ মানুষের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। ভেতরে র্যাবসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। উদ্যানের ভেতর-বাইরে বিভিন্ন স্থানে মাইক লাগানো হয়েছে।
এদিকে রোববার জেএসসি-জিডিসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য় কারণবশত তা স্থগিত করা হয়েছে। সাধারণ মানুষ বলছে, শুকরানা মাহফিলে সারাদেশ থেকে লাখো মাদরাসা শিক্ষক ও শিক্ষার্থী আসার কারণে রাস্তাঘাটে ঝামেলা হতে পারে এ আশঙ্কা থেকেই পরীক্ষা স্থগিত করা হয়।
