
মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় ছোট্ট মুসলিম দেশ কাতার। দেশটির বিভিন্ন মসজিদে মুয়াজ্জিন ও ইমামতি পেশায় নিয়োজিতদের বড় অংশই বাংলাদেশি। প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে দিনরাত কাজ করে যাচ্ছেন আলেমরা। কাতারি নাগরিকদের কাছে নিজ দেশের ইতিহাস ঐতিহ্য ও ধর্মীয় মূল্যবোধ তুলে ধরতে সচেষ্ট তারা।
২ হাজার ৪শ’র মতো মসজিদে প্রায় ১ হাজার ৩শ’ বাংলাদেশি ইমাম ও মুয়াজ্জিন বর্তমানে কর্মরত রয়েছেন কাতারে। কাতারিদের কাছে মুসলিম রাষ্ট্রের নাগরিক হিসেবে বাংলাদেশি ইমাম-মোয়াজ্জিনরা বেশ সম্মানিত ব্যক্তি। শুদ্ধ উচ্চারণে কোরআন তেলওয়াতের কারণে বাংলাদেশিদের অংশগ্রহণ বাড়ছে বলে মনে করেন প্রবাসী ইমামরা।
তারা বলেন, ‘আমাদের বেতনের বিষয়ে তারা খেয়াল রাখছেন। কাতারের নাগরিকদের মতই আমাদের সম্মান করা হয়। এখানকার অধিকাংশ মসজিদের মধ্যে আলহামদুলিল্লাহ বাংলাদেশি ভায়েরা ইমাম-মোয়াজ্জিন। আমাদের প্রতি তাদের আত্মবিশ্বাস অনেক বেশি।’
মেধা, আচরণ, মনোমুগ্ধকর তিলাওয়াত, শুদ্ধ আরবি ও অন্যান্য সাফল্যের কারণে বাংলাদেশি ইমাম-মুয়াজ্জিনদের ব্যাপক চাহিদা রয়েছে কাতারে।
কৃতজ্ঞতা : সময় টিভি
