কোরবানির জায়গা নির্ধারণে কেন আপত্তি জানাচ্ছেন আলেমরা?

ওমর ফারুক:

পবিত্র ঈদুল আযহার মাত্র কয়েক সপ্তাহ বাকি। মুসলমানদের বৃহত্তর এ ধর্মীয় উৎসব পালনে ধর্মপ্রাণ মানুষদের পাশাপাশি শুরু হয়েছে প্রশাসনিক প্রস্তুতিও। ইতোমধ্যেই ঈদুল আযহার জামায়াতের সময়সূচি নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। এছাড়া দেশের নানা শহরে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষও প্রতিবারের মতো নির্ধারিত জায়গায় কোরবানি দেওয়ার সিদ্ধান্ত কার্যকরের উপায় নিয়ে ভাবছে।

২০১৫ সাল থেকে কোরবানির পশু জবাইয়ের জায়গা নির্ধারণ করা হলেও তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। ব্যাপক প্রচারণা চালানো হয়েছে, তবে মানুষের মাঝে সাড়া ফেলেনি এ উদ্যোগ। কোরবানি দাতাদের নিজ নিজ অঙ্গনেই কোরবানির পশু জবাই দিতে দেখা গেছে। বিষয়টি কার্যকরে উদ্বিগ্ন সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। কার্যকর না হওয়ার পেছনে তারা পর্যাপ্ত পরিমাণ জায়গা নির্ধারণ করতে না পারাকেই দায়ী করছেন। শুধু ঢাকা সিটিতেই আড়াই লাখেরও বেশি মানুষ কোরবানি করে থাকেন। এতো বিপুল পরিমাণ কোরবানির পশুর জন্য মাত্র হাজার খানেক জায়গা অনেক অপ্রতুল।

তবে শুরু থেকেই নির্ধারিত জায়গায় কোরবানি দেওয়ার বিষয়টির বিরোধিতা করে আসছিলেন দেশের আলেম সমাজ। বেশ কয়েকটি ইসলামি রাজনৈতিক দলের পক্ষ থেকে বিরোধিতা করে গণমাধ্যমে বিবৃতিও দেওয়া হয়েছে। বিষয়টি অবাস্তব ও অসম্ভব বলে তারা মন্তব্য করছেন তারা। সেইসঙ্গে বিষয়টি কার্যকরে কঠোর উদ্যোগ নেওয়া হলে মানুষের মাঝে কোরবানি দেওয়ার প্রতি অনাগ্রহ ও নেতিবাচক মানসিকতা তৈরি হবে বলেও তারা মনে করছেন। তাহলে উপায় কী, পথেঘাটে কোরবানির পশুর রক্ত ও বর্জ্যের দুর্গন্ধে পরিবেশ দূষণ হচ্ছে, হাঁটা চলা করতেও কষ্ট হচ্ছে। এ বিষয়  নিয়ে কথা হয় দেশের দুই ইসলামি রাজনীতিবিদ ও আলেমের সঙ্গে।

কথা হয় বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি ও জামিয়া রাহমানিয়া আরাবিয়ার মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ মামুনুল হকের সঙ্গে। তিনি ফাতেহ২৪ কে জানান, কোরবানির জায়গা নির্ধারণে আলেমদের বিরোধিতার পেছনে কয়েকটি কারণ রয়েছে। প্রথমত কোরবানি একটি উৎসবের বিষয়। মানুষ বিপুল আগ্রহ ও উৎসাহ নিয়ে নিজ নিজ বাড়িতে কোরবানি দিয়ে থাকে। এজন্য নির্ধারিত জায়গায় কোরবানির পশু নিয়ে যাওয়া ও মাংস নিয়ে বাসায় আসা কষ্টসাধ্য ও বিরক্তির ব্যাপার। এ কারণেই আলেমরা এর বিরোধিতা করে থাকেন।

‘তবে শরিয়তে এ বিষয়ে সরাসরি কোনো বিধিনিষেধ না থাকলেও মানুষের কষ্ট হবে এমন কোনো বিষয় শরিয়ত অনুমোদন করে না। স্থান নির্ধারণে কঠোর হলে মানুষের দুর্ভোগ আরও বেড়ে যাবে। মানুষ কোরবানির আগ্রহ হারাবে ও নেতিবাচক মানসিকতা তৈরি হবে। মূলত মানুষকে কোরবানি থেকে দূরে ঠেলে দিতেই এ ধরণের উদ্যোগ নেওয়া হয়েছে।’

মাওলানা মামুনুল হক বলেন, বাহ্যিকভাবে যে কারণে সিটি কর্পোরেশন স্থান নির্ধারণ করে দিয়েছে এটি অন্য উপায়েও দূর করা সম্ভব। পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি এখানে মুখ্য। কোরবানি দাতারা নিজ তত্ত্বাবধানে ও সিটি করর্পোরেশনের উদ্যোগে কোরবানির পশুর বর্জ্য অপসারণের বিষয়টি নিশ্চিত করতে হবে। জায়গা নির্ধারণ না করে সিটি করর্পোরেশন পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি গুরুত্ব দিলেই এ সঙ্কট কেটে যাবে।

একই রকম যুক্তি ও পরামর্শ দিয়েছেন ইসলামি ঐক্যজোটের সাংগঠনিক সম্পাদক ও লালবাগ মাদরাসার সিনিয়র শিক্ষক মুফতি সাখাওয়াত হুসাইন রাজি। তিনি বলেন, আমাদের দেশের বিদ্যমান পরিস্থিতিতে বিষয়টি কোনোভাবেই কার্যকর করা সম্ভব নয়। এটি অবাস্তব একটি বিষয়। এছাড়া এসব স্থানে কোরবানির পশু নিয়ে যাওয়া ও মাংস বাসায় নিয়ে আসাটাও কষ্টসাধ্য। এভাবে কোরবানির পশুর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও কঠিন। বাসায় কোরবানির মাংস নিয়ে আসায় যানবাহন সঙ্কটও দেখা যায়। গত কয়েক বছরে এসব চিত্রই দেখা গেছে।

মুফতি সাখাওয়াত হুসাইন বলেন, ইসলাম প্রতিটি ক্ষেত্রে মানুষের ওপর সহজ বিধান দিয়েছে। যেমন পানি না পেলে মাটি দিয়ে তায়াম্মুম করার অনুমতি দিয়েছে। অথচ আমরা ইসলামের বিধানকে কঠিন বানিয়ে নিচ্ছি। শরিয়ত মানুষের কল্যাণের চিন্তা করে। এ দৃষ্টিকোণ থেকেই আলেমরা এর বিরোধিতা করছেন। তিনি বলেন, তবে ইসলাম পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টিও গুরুত্ব দেয়। কোরবানির পশুর বর্জ্য অপসারণে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে। সিটি কর্পোরেশনকে এসব বর্জ্য দূর করার জন্য পর্যাপ্ত পরিমাণ পানির ব্যবস্থা করতে হবে। প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। সঠিক সময়ে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করলেই মানুষ চলাফেরার কষ্ট ও যন্ত্রণা থেকে মুক্তি পাবে।

আগের সংবাদ১০ তারিখের মধ্যে সুদহারের তথ্য দিতে হবে: বাংলাদেশ ব্যাংক
পরবর্তি সংবাদসড়ক দুর্ঘটনায় ইচ্ছাকৃত হত্যা প্রমাণিত হলে মৃত্যুদণ্ড : আইনমন্ত্রী