রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় এরশাদের সঙ্গে জোট করতে যাচ্ছে মজলিস

ওমর ফারুক:

সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদের দল জাতীয় পার্টির সঙ্গে নির্বাচনি জোট করতে যাচ্ছে শাইখুল হাদীস আল্লামা আজীজুল হক হক রহ. প্রতিষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিস। শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আনুষ্ঠানিক জোটের ঘোষণা দেবেন দুই দলের নেতৃবৃন্দ। ফাতেহ২৪ কে এ খবর নিশ্চিত করেছে দলটির একাধিক সূত্র।

সূত্রটি জানায় দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় তারা জাতীয় পার্টির সঙ্গে জোট করতে যাচ্ছেন। এছাড়া আওয়ামী লীগের প্রতিশ্রুতি ভঙ্গ ও বিএনপির সঙ্গে জোটে থেকে ফলপ্রসূ কোনো সুবিধা না পাওয়ায় তৃতীয় এ পক্ষটির সঙ্গে তারা জোট করতে যাচ্ছেন। গত ৭ জুলাই দলটির মজিলসে শূরার সদস্যদের উপস্থিতি ও সমর্থনে তারা জাতীয় পার্টির সঙ্গে জোটবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে সূত্রটি জানায়।

৬ দফা চুক্তির ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এ জোট গঠন হচ্ছে। জোট গঠন উপলক্ষ্যে অনুষ্ঠিতব্য সম্মেলনে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান। এছাড়াও দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ এ সম্মেলনে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

জোট বিষয়ে নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, সরকার গঠন করলে ৬ দফা বাস্তবায়ন করা হবে এমন চুক্তির ভিত্তিতে বাংলাদেশ খেলাফত মজলিস যুক্ত হচ্ছে জাতীয় পার্টির সঙ্গে। দফাগুলোর মধ্যে রয়েছে,

১. কুরআন সুন্নাহবিরোধী কোনো আইন সংসদে পাশ করা হবে না।
২. সংবিধানে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনস্থপান করা হবে। যা বর্তমান সরকার বাতিল করেছে।
৩. কওমি মাদরাসার সরকারি স্বীকৃতি জাতীয় সংসদে আলোচনার মাধ্যমে পাশ করা হবে।
৪. হজরত মুহাম্মদ সা. ইসলামের সর্বশেষ নবী এ বিষয়টি সংবিধানে সংযোজন করা হবে।
৫. নবী ও রাসূল সা. এবং সাহাবায়ে কেরামের কটূক্তির শাস্তি দ-নীয় অপরাধ হিসেবে গণ্য করা হবে।
৬. ইসলামের বিরুদ্ধে কটুক্তির শাস্তি মৃত্যুদ- হিসেবে কার্যকর করা হবে।

জানা যায়, বেশ কিছুদিন আলোচনা পর্যালোচনার মাধ্যমে উভয় দলের নেতারা উক্ত বিষয়গুলোতে সম্মত হয়েছেন। এর ভিত্তিতে ১১ আগস্ট এক সম্মেলনের মাধ্যমে জোটবদ্ধ হবে দল দুটি। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে জোট গঠনের নানারকম তৎপরতা দেখা যাচ্ছে বিভিন্ন দলের মধ্যে। হুসেইন মুহাম্মদ এরশাদের নেতৃত্বে গত বছর ৫৮টি দল নিয়ে সম্মিলিত জাতীয় জোট নামের একটি জোটের আত্মপ্রকাশ হয়।

আগের সংবাদইয়েমেনে বিমান হামলায় ফের নিহত ৪৩
পরবর্তি সংবাদইমরান খানকে সমর্থন করায় বিভক্ত জমিয়তে উলামায়ে পাকিস্তান