রাতের ঢাকার অন্ধকারে

কাজী মাহবুবুর রহমান ঃ 

ঢাকা শহরের অনেকগুলি রুপ। সায়েদাবাদ অথবা মহাখালীতে চোখে পড়বে দূর পাল্লায় যাওয়ার জন্য অপেক্ষমান ঢাকা। গুলিস্তান হকারের হাঁকডাকে ব্যস্ত আর গুলশানে উচ্চবিত্তের অভিলাষী ঢাকা। লালবাগ আজিমপুরে শতশত গলির ভেতর প্রাণচঞ্চল আদিম আর উত্তরাতে নতুন শহর গড়ে ওঠার অংকুর বুকে এক ভিন্ন ঢাকা। শাহবাগ আড্ডায় মুখর। মতিঝিল কর্মব্যস্ততায় থমথমে। ঢাকার এই প্রতিটি রুপের ওপর একটি ভিন্ন প্রলেপ বুলিয়ে দেয় রাত।

রাতের ঢাকা সম্পূর্ণই ভিন্ন রুপে হাজির হয় নিশাচরদের কাছে। সকল কর্মব্যস্ততা থেমে গিয়ে এক কোমল পরশ নিয়ে জেগে ওঠে। দিনের বেলা যে পথে থাকে প্রচণ্ড যানজট, পা ফেলবার জায়গা নেই, রাতেরবেলা সে পথ দিয়েই গান গাইতে গাইতে চলে যাওয়া যাবে অনায়াসে। তবে রাতের ঢাকায় মুখোমুখি হতে হয় অনেক বিচিত্র অভিজ্ঞতার।

একবার মধ্যরাতে ঢাকায় ফিরেছি। ট্রেন শিডিউল মিস করে দুইঘন্টা লেট করে ফিরেছে। কমলাপুর নেমে কিছুক্ষণ বসে থেকে ভাবলাম একটু বাইরে বেরোই। হাটতে হাটতে বাসায় যাওয়া সম্ভব কি না এমন একটা ঝুঁকি নিতে চাইলাম। ভাবনামত কমলাপুর থেকে হেটে পল্টন দিয়ে রমনার কাছাকাছি চলে এলাম। দুই একজন রিকশাওয়ালা লক্ষ্যহীনভাবে ঘুরাঘুরি করছে। মাঝে মাঝে রাস্তায় চাকার বিকট ঘর্ষণ তুলে চলে যাচ্ছে দুই একটা মালবাহী ট্রাক। পথের দুপাশে রাতের আয়োজন করে ঘুমিয়ে পড়েছে ঘরবাড়ি ভিটেমাটিহীন ভাগ্যান্বেষী মানুষেরা।

আমিও লক্ষ্যহীন ঘুরছি। কাঁধে ভারী ব্যাগ। হাঁটতে হাঁটতে রমনা ফুটওভারব্রিজটার কাছে এসে কৌতূহল হল, উপরে উঠে দেখি একবার। সব সময় বাস এটার নিচ দিয়ে চলে যায়, কখনো উপরে চড়ে দেখা হয়নি। আজকের এই একটি অর্থহীন রাত কেটে যাক নানা অর্থহীন কাজে। সঙ্গে সঙ্গেই আবার ভাবলাম, কোন বিপদ হবার সম্ভাবনা কি নেই? আছে তো অবশ্যই। ছিনতাইকারীদের হাতে পড়ে যেতে পারি। কিন্তু ঝুঁকি না নিলে কোনো কিছুতেই সফল হওয়া যায় না, এই ভেবে ব্রীজের ওপরে উঠতে শুরু করলাম। কয়েক পা উঠেই ফিসফিসে কারো কন্ঠস্বর শুনতে পেলাম। যতটা ভয় পাবার আশংকা করেছি তার চেয়ে অনেকবেশি ভয় পেতে লাগলাম। কিন্তু এত অল্প দূর উঠে এই কন্ঠের উৎস খুঁজে পাওয়া যাবেনা।

আমি ভয়ে ভয়ে আরো কিছুদূর উঠলাম। দেখলাম, দুজন পুরুষ আর তিনজন মেয়ে আমাকে দৃষ্টিবদ্ধ করেছে। এছাড়া পুরো ব্রীজে আর কেউ নেই। আমি ভয়ে পিছে ফিরে যাবার চেষ্টা করলাম। তারা একজন এগিয়ে আসতে চাইলে আমি সামনের ফাকা রাস্তায় দৌড় দিলাম। লোকটা কিছুক্ষণ দৌড়ে অকথ্য গালাগাল দিয়ে চলে গেল। শাহবাগ পুলিশ বক্সের সামনে পুলিশ জিজ্ঞাসাবাদ করলেন। সব কিছু খুলে বললাম, তারা সতর্ক করে দিয়ে চলে যেতে বললেন। অবশিষ্ট পথ ভাবতে ভাবতে গেলাম।

ভাসমান পথবেশ্যাদের নিয়ে একটা প্রতিবেদন পড়েছিলাম কিছুদিন আগে। প্রতিবেদক দেখিয়েছেন এদের সংঘবদ্ধতা, মানুষজনকে ব্ল্যাকমেইল ও শিশুদের এই কাজে ব্যবহার করার দিকগুলি। এবং এরও পেছনে রয়েছে প্রশাসন আর উচ্চপদস্থ নেতাদের রমরমা ব্যবসা। আমার চিরকালই বেশ্যাদের মনে হয়েছে একটি দুর্বোধ্য সমাজ। এদেরকে জানা হয়নি। যথাযোগ্য ব্যবস্থা নেয়া হয়নি তাদের জন্য। এর ফলে এই ব্যাধি বাড়তে বাড়তে আজ তা মহাসড়কে এসে ঠেকেছে।

বলছিলাম, রাতের ঢাকার কথা। দিনের বেলা সূর্যের আলোয় এমন অনেক কিছুই দেখা যায় না, রাতের আঁধারে যাকে দেখা যায় স্পষ্টভাবেই!

আগের সংবাদ২০ লাখ টাকা করে অনুদান দুই শিক্ষার্থীর পরিবারকে
পরবর্তি সংবাদআসাম নিয়ে বাংলাদেশ-ভারত সম্পর্ক নষ্টের আশঙ্কা মমতার