রোহিঙ্গা শরণার্থী সঙ্কট নিয়ে কী ভাবছেন স্থানীয়রা?

ওমর ফারুক:

প্রায় ১১ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছে কক্সবাজারের টেকনাফ-উখিয়ার পাহাড়ি এলাকায়। বিশ্বের সর্ববৃহৎ শরণার্থী শিবির এটি। একদিকে যুগ যুগ ধরে নির্যাতন ও গণহত্যার শিকার এ জাতির প্রতি বাংলাদেশের মানুষের যেমন  মায়া, মমতা ও সহানুভূতি আছে, অপরদিকে একটি উন্নয়নশীল দেশের ১৭ কোটি মানুষের মাথায় ১১ লাখ রোহিঙ্গা অনেকটা বোঝার মতোই হয়ে আছে।  প্রায় দুই থেকে তিন দশক ধরে যারা রোহিঙ্গাদের সুখে দুঃখে সবার আগে আগলে রেখেছেন তারা টেকনাফ ও উখিয়ার স্থানীয় জনগণ। তাদের গত ১ বছর ধরে সইতে হচ্ছে ১১ লাখেরও বেশি রোহিঙ্গার ধকল। সেখানকার স্থানীয় ৫ লাখ মানুষের মাথার ওপর এখন ১১ লাখ ভিনজাতির আশ্রয়। বিষয়টি কীভাবে দেখছেন টেকনাফ উখিয়ার স্থানীয় জনগণ, ফাতেহ২৪ এর পক্ষ থেকে কথা হয়েছিল উখিয়ার  স্থানীয় দুই অধিবাসীর সঙ্গে। যারা শুরু থেকেই সুখে দুঃখে রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছেন।

কথা হয় উখিয়ার স্থানীয় বাসিন্দা ও গাছবাড়িয়া সরকারি কলেজের অধ্যাপক মোজাফফর আহমদের সঙ্গে। তিনি জানান, রোহিঙ্গারা বর্তমানে টেকনাফ ও উখিয়াবাসীদের জন্য আতঙ্কে পরিণত হয়েছে। তাদের জন্য খুব বেশি আতঙ্কে বাস করছে এখানকার মানুষ। স্থানীয়দের জীবন যাত্রার মান কমে গেছে। দ্রব্যমূল্যের দাম অনেক বেড়েছে। বাজারে মাছ, সবজি, চাল, ডাল থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। সড়কে যানজট ও এক্সিডেন্টের মাত্রাও বেড়ে গেছে। প্রায় প্রতিদিনই কেউ না কেউ মারা যাচ্ছে। চুরি ডাকাতিতেও জড়িয়ে পড়েছে কিছু রোহিঙ্গা। ইয়াবা ব্যবসাও তাদেরকে ব্যবহার করে নতুন মোড় নিয়েছে।

‘বিপুলসংখ্যক রোহিঙ্গার দীর্ঘ মেয়াদী উপস্থিতি কক্সবাজারের উখিয়া-টেকনাফের স্থানীয় জনগোষ্ঠীর ওপর ব্যাপক নেতিবাচক প্রভাবের খণ্ডদৃশ্য এটি। বিশেষ করে নিম্নআয়ের মানুষের ক্ষতির দিকটি একটু বেশি। আবাদি জমি ও বসতভিটা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি রোহিঙ্গাদের কাছে হারাতে হচ্ছে শ্রমবাজারও। আয়ের উৎস বন্ধ হওয়ার বিপরীতে বাড়ছে জীবনযাত্রার ব্যয়। অন্যদিকে হঠাৎ নগদ টাকার সন্ধান পেয়ে শিক্ষার্থীরা পড়ালেখা ছেড়ে এনজিও অফিসেও চাকরি শুরু করেছে। তবে আমার দৃষ্টিতে একটিই পজেটিভ দিক তা হচ্ছে, এ এলাকার এসএসসি ও এইচএসসি পাস করা যুবকদের জন্য আয়ের একটি উৎস তৈরি হয়েছে। তারা বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানে কাজ করছে।’

অধ্যাপক মোজাফফর আহমদ সবচেয়ে বড় আতঙ্কের কথাটি জানিয়ে বলেন, রোহিঙ্গারা আর কয়েক বছর এখানে অবস্থান করলে বিদ্রোহ দানা বাঁধতে পারে। কারণ চট্টগ্রামের তিনটি পাবর্ত্য জেলা শান্তি বাহিনী পরিচালনা করছে। এখানে একটি বিদ্রোহী গোষ্ঠী রয়েছে। রোহিঙ্গাদের মাঝেও একটি বিদ্রোহী গোষ্ঠী রয়েছে। ধারণা করা হচ্ছে, এ দুই বিদ্রোহী গোষ্ঠী আঁতাত করে স্থানীয়দের সরিয়ে স্বায়ত্ত শাসনের দাবি তুলতে পারে। এ ক্ষেত্রে রোহিঙ্গারা বড় ধরণের সাপোর্ট হবে বিদ্রোহী গোষ্ঠীদের জন্য।

কথা হয় উখিয়ার স্থানীয় একজন মাদরাসার শিক্ষক জনাব ছারওয়ার ছাহেলের সঙ্গে। তিনিও রোহিঙ্গাদের পর্যাপ্ত সহযোগিতা দিয়ে আসছেন শুরু থেকেই। এখনো এ ধারা অব্যাহত রেখেছেন। তিনি ফাতেহ২৪ কে জানান, রোহিঙ্গাদের নিয়ে স্থানীয় জনগণের মনোভাব ৯৯ ভাগই নেতিবাচক। মাত্র একভাগ থাকতে পারে যারা রোহিঙ্গাদের নিয়ে ইতিবাচক ভাবছেন। এটাও অনেকটা স্বার্থের কারণে। রোহিঙ্গাদের কারণে তাদের কিছু কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। তবে অধিকাংশ জনগণই মনে করছেন রোহিঙ্গারা এ দেশ থেকে চলে গেলেই তারা স্বস্তির শ্বাস ফেলবেন।

তিনি জানান, রোহিঙ্গাদের কারণে স্থানীয়দের মাঝে সবচেয়ে বেশি যে ক্ষতিটি হয়েছে তা হলো ধর্মীয় পদস্খলন। এখানে যা আগামী ৫০ বছরেও ঘটার মতো ছিল না। নারী পুরুষের অবাধে মেলামেশা, বেপর্দা, এনজিওগুলোতে কর্মরত নারীদের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে অনৈতিক সম্পর্কও গড়ে উঠছে। পরকিয়া বেড়ে গেছে। যার ফলে অনেক পরিবারে অশান্তি ছড়িয়ে পড়েছে। একে কেন্দ্র করে আত্মহত্যার মতো ঘটনাও ঘটেছে।

তিনি বলেন, এছাড়াও এখানে জনবিস্ফোরণ ঘটতে যাচ্ছে। চেক পয়েন্টগুলো নামে মাত্র। রোহিঙ্গারা ঘুষ দিয়ে ক্যাম্পের বাইরে সহজেই যাতায়াত করছে। বাংলাদেশি পাসপোর্ট বানিয়ে বিদেশেও পাড়ি দিচ্ছে।

এদিকে গত ২০ আগস্ট প্রকাশিত বেসরকারি সংস্থা কোস্ট ট্রাস্টের এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, রোহিঙ্গাদের কারণে স্থানীয় জনগোষ্ঠীর ৪৩ শতাংশ বহুমাত্রিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কক্সবাজারের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও আইনশৃঙ্খলাসহ স্থানীয় অর্থনীতিতে মারাত্মক বিপর্যয় ঘটেছে। প্রায় ৬০০ কোটি টাকা মূল্যমানের বনজ সম্পদ নষ্ট হয়েছে।

জনাব ছারওয়ার ছাহেল এ প্রসঙ্গে বলেন, প্রতিবেদনটি সঠিক পরিস্থিতিটিই তুলে ধরেছে। এছাড়াও আমি মনে করি, রোহিঙ্গা শরণার্থীদের বিদেশি এনজিওগুলোর কাছে বিশাল মার্কেটে পরিণত হয়েছে। তাদের কারণে রোহিঙ্গারা নিজেদের স্বকীয়তাও হারাতে বসেছে। ধর্মীয় আচার আচরণ ভুলে যাচ্ছে। শিক্ষার নামে এনজিওগুলো এদের পশ্চিমা ধ্যান ধারণায় গড়ে তুলছে।

তিনি বলেন, এছাড়া শিক্ষা খাতেও অবনতি হয়েছে। পড়াশোনা ছেড়ে স্কুল কলেজের শিক্ষার্থীরা এনজিও অফিসগুলাতে চাকরি নিচ্ছে। গত বছরের তুলনায় এ বছর পাসের হারও কমে এসেছে।

রোহিঙ্গাদের নিয়ে আপনার ব্যক্তিগত অভিমত কী জানতে চাইলে জনাব ছারওয়ার ছাহেল বলেন, আসলে এ জাতিটি নানামুখী সঙ্কটে শিকার। এখানেও তারা এনজিওগুলোর দ্বারা নিজেদের স্বকীয়তা হারাতে বসেছে। সেখানেও শিক্ষা, বাসস্থান, অধিকার ও স্বাধীনতা নেই তাদের। যুগ যুগ ধরে প্রশাসনের দ্বারা নির্যাতিত। এ দেশ যেমন তাদের জন্য স্থায়ী সমাধান নয়, নিজ দেশেও তাদের জন্য নিরাপদ নয়। সেখানে ফিরে গেলেও তারা অবাধ স্বাধীনতা পাবে না। সীমাবদ্ধতার মাঝেই বাস করতে হবে। তবে বাংলাদেশ সরকারকে তাদের নিরাপত্তার সঙ্গে দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করতে হবে।

আগের সংবাদইরাকে নিখোঁজ ১০ লাখ মানুষ্যের ভাগ্যে কী ঘটেছে?
পরবর্তি সংবাদগণতন্ত্র ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ: ফখরুল