রোহিঙ্গাদের পুনর্বাসনে ১ হাজার কোটি টাকা দেবে এডিবি

ফাতেহ ডেস্ক: মিয়ানমারে জাতিগত নিধনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের পুনর্বাসনে ১০ কোটি ডলার (প্রায় ১ হাজার কোটি টাকা) অনুদান দেয়ার প্রস্তাব অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) পরিচালনা পর্ষদ।

শিগগিরই আরো ১০ কোটি ডলার অনুমোদন হবে বলে জানিয়েছেন এডিবিতে বাংলাদেশের বিকল্প নির্বাহী পরিচালক মাহবুব আহমেদ।

মিয়ানমারে জাতিগত নিধনের শিকার হয়ে গত বছরের আগস্ট থেকে নতুন করে সাত লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়।

এডিবির প্রেসিডেন্ট তাকিহিকো নাকাও শুক্রবার বলেন, মানবিক প্রয়োজনে কক্সবাজারে রোহিঙ্গা সংকট মোকাবেলায় সরকারকে সমর্থন দেওয়ার জন্য আমরা বিশ্বব্যাংক ও অন্যান্য উন্নয়ন অংশীদার সমন্বয় সাধন করছি।

ম্যানিলা থেকে এক বিবৃতিতে এডিবি জানায়, গত মে মাসের শুরুর দিকে রোহিঙ্গাদের জন্য সহায়তা দিতে সংস্থাটির প্রেসিডেন্টকে আহ্বান জানান বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। পরে এ বিষয়ে জরুরি ভিত্তিতে প্রকল্প উন্নয়ন প্রক্রিয়া শুরু করে এডিবি।

এডিবির ১০০ মিলিয়ন ডলারের প্রকল্পগুলোর মাধ্যমে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় রোহিঙ্গাদের জন্য আশ্রয়কেন্দ্র নির্মাণ, পানি সরবরাহ, পয়নিষ্কাশন, দুর্যোগ ব্যবস্থাপনা, ঝুঁকি হ্রাস, সড়ক নির্মাণ প্রভৃতি কাজে সহায়তা দেওয়া হবে।

আড়াই বছরে প্রকল্পটির প্রথম পর্বে ১২০ মিলিয়ন ডলার ব্যয় হবে। এর মধ্যে ১০০ মিলিয়ন ডলার দেবে এডিবি, বাকিটা দেবে বাংলাদেশ সরকার। প্রথম পর্বের অগ্রগতির ভিত্তিতে পরবর্তীতে প্রকল্পের দ্বিতীয় পর্বের জন্য আরও ১০০ মিলিয়ন ডলার অনুদান দেবে সংস্থাটি।

এসব প্রকল্পের মাধ্যমে প্রয়োজনীয় খাদ্য বিতরণ এবং সংরক্ষণ কেন্দ্র, হাসপাতাল, শিক্ষা সুবিধা এবং জরুরি কাজের জন্য আশ্রয়কেন্দ্রগুলোর সড়ক পুনর্নির্মাণ করবে। এছাড়াও, কক্সবাজার থেকে টেকনাফ ও অন্যান্য এলাকার যাতায়াতের জন্য সড়ক পুনর্নির্মাণ করা হবে।

আগের সংবাদইসলাম বিষয়ক আলোচনায় ভাষা ব্যবহারে সতর্কতা
পরবর্তি সংবাদমংলা বন্দরের উন্নয়নে ৬ হাজার ৫শ’ কোটি টাকার প্রকল্প