
ফাতেহ ডেস্ক: বিএনপি মনে করছেন, সংবিধান সংশোধন না করেই নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করা সম্ভব। আর এই নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনের একটি রূপরেখা তৈরি করেছে দলটি। তবে এখনো সেটি খসড়া পর্যায়ে আছে বলে জানা যায়।
বিএনপির সূত্রগুলো বলছে, সরকার চাইলে তাদের এই রূপরেখা দেওয়া হতে পারে। অথবা এই রূপরেখা প্রকাশ করে তা বাস্তবায়নের দাবিতে আন্দোলন শুরু করতে পারে দলটি। অন্যদিকে আওয়ামী লীগ সরকার বরাবরই বলে আসছে, সংবিধানের বাইরে অন্য কোনো অসাংবিধানিক সরকার তারা মানবে না।
নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনে বিএনপির রূপরেখা
১. নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে সহায়ক সরকারের প্রধানমন্ত্রী নিয়োগ করবেন রাষ্ট্রপতি। তবে তাতে কর্মরত বা অবসরপ্রাপ্ত বিচারপতিদের রাখা হবে না।
২. প্রধানমন্ত্রী মেয়াদ পূর্তির ৯০ দিন আগে সংসদ ভেঙে দিতে রাষ্ট্রপতিকে পরামর্শ দেবেন। এরপর প্রধানমন্ত্রী সংবিধানের ৫৭(১)(খ)/৫৮(৪) অনুচ্ছেদ অনুযায়ী পদত্যাগ করবেন। তাঁর পদত্যাগের পরপরই মন্ত্রিসভা বিলুপ্ত হবে। এরপর রাষ্ট্রপতি সংবিধানের ৫৭(৩) অনুচ্ছেদ প্রয়োগ না করে ৪৮(৩) অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগের একক সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করবেন। তিনি সংবিধানে ৫৭(২) অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রীসহ এক–দশমাংশ মন্ত্রী অনির্বাচিতদের মধ্য থেকে মনোনীত হতে পারবেন—এই বিধান প্রয়োগ করে সব দলের সঙ্গে আলোচনা করে একজনকে সরকারের প্রধানমন্ত্রী নিয়োগ করবেন। তবে ওই ব্যক্তি দলের কেউ হতে পারবে না।
এরপর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শে ১০ জন উপদেষ্টা নিয়োগ দিতে দেবেন। যাঁরা কোনো দলের হবে না। এভাবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নির্বাচনকালীন সহায়ক সরকার গঠিত হবে। এরপর তাঁরা ৯০ দিনের মধ্যে নির্বাচন করে নির্বাচিতদের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন।
বিএনপিপন্থী আইনজীবী নেতারা এই রূপরেখা তৈরি করেছেন বলে জানা গেছে। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ আইনজীবী মওদুদ আহমেদ গণমাধ্যমে বলেছেন, সংবিধানের মধ্যে থেকেই নিরপেক্ষ সরকার গঠন সম্ভব।
