
ফাতেহ ডেস্ক: জীবনসঙ্গী বা পরিবারের সদস্যের হাতে সারাবিশ্বে প্রতিদিন খুন হন ১৩৭ নারী। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা ইউ/এন/ও/ডি/সির এক গবেষণায় ভয়াবহ এ তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল, নিজ বাড়িতেই খুন হওয়ার ঝুঁকি বেশি নারীদের।
পহেলা অক্টোবর, পরিবারের সদস্যদের হাতে খুন হন ভারতীয় কিশোরী নেহা শারদ চৌধুরি। ১৮তম জন্মদিনের সন্ধ্যায় ঘুমের ওষুধ দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়। অনার কিলিং বা পরিবারের সম্মান রক্ষার্থে নেহা খুন হন বলে তদন্তে উঠে আসে।
বিশ্বব্যাপী নারী গণহত্যা নিয়ে জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা ইউ/এন/ও/ডি/সির এক গবেষণায় স্থান পেয়েছে নেহা হত্যার ঘটনা। গবেষণায় বলা হয়, গত বছর সারা বিশ্বে ৮৭ হাজার নারী নিহত হয়েছেন। এর মধ্যে প্রায় ৩০,০০০ নারীর মৃত্যু হয়েছে তাদের জীবনসঙ্গীর হাতে। আরো ২০ হাজার মানুষের হত্যাকারী তাদের নিকটাত্মীয়রা।
আফ্রিকা ও আমেরিকার নারীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে বলে জানানো হয় গবেষণায়। বলা হয়, আফ্রিকায় মৃত্যুর হার প্রতি লাখে ৩ জন। যুক্তরাষ্ট্রে এ হার একজনের কিছু বেশি বলে উল্লেখ করেন গবেষকরা।
মূলত লিঙ্গ বৈষম্য, যৌতুক এবং পরকিয়ার জেরে এ ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে বলে মনে করে ইউ/এন/ও/ডি/সি।
