লন্ডন থেকে পাকিস্তানে ফিরছেন নওয়াজ শরীফ ও তার মেয়ে

ফাতেহ ডেস্ক: আইনী লড়াইয়ের মুখোমুখি হতে আজই লন্ডন থেকে পাকিস্তানে ফিরছেন দুর্নীতির অভিযোগে কারাদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও তার মেয়ে। বিমানবন্দরেই তাদের গ্রেফতার ও পরিবর্তিত পরিস্থিতি মোকাবেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।

লন্ডন ছাড়ার আগে ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত নওয়াজ জানান, দুর্নীতির ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে আইনী লড়াই চলবে। চক্রান্ত রুখতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হবার ডাক দিয়েছেন তিনি। এসময় সাথে ছিলেন সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত মেয়ে মরিয়ম নওয়াজ। এরআগে, দেখা করেছেন হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রী কুলসুম নওয়াজের সাথে। সেই ছবি টুইটারে পোস্ট করেছেন মরিয়ম।

স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ছয়টায় তারা লাহোরের আল্লামা ইকবাল বিমানবন্দরে পৌঁছালে গ্রেফতারের প্রস্তুতি নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। বিক্ষোভ এড়াতে হেলিকপ্টারে তাদের নেয়া হবে রাওয়ালপিণ্ডির আদিয়ালা কারাগারে। নওয়াজ পরিবারের দুর্নীতির অভিযোগ দু’বছর আগে পানামা পেপার্সে পাওয়ার পর মামলা করে জাতীয় জবাবদিহিতা ব্যুরো।

এর ধারাবাহিকতায় কারাদণ্ড ও জরিমানা করে আদালত। এদিকে, লন্ডনে মরিয়ম নওয়াজের ছেলে জুনায়েদ সফদার ও তার চাচাতো ভাইকে আটক করেছে পুলিশ। এক বিক্ষোভকারীকে মারধর করেছিলেন তারা।

আগের সংবাদরাজধানীর বাড়ছে ডিমের দাম
পরবর্তি সংবাদযতটুকু দেখেছি তারচেয়েও কম বলেছি: ইমরানের সাবেক স্ত্রী