সেনাবাহিনী দিয়ে ভোটগ্রহণে রিট : হাইকোর্ট বললেন পরে

ফাতেহ ডেস্ক

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সশস্ত্র বাহিনীর (সেনা, নৌ ও বিমান) সদস্যদের দিয়ে তিনশ আসনে ভোটগ্রহণ, গণনা ও ফলাফল ঘোষণা চেয়ে করা রিট আবেদনে শুনানি প্রথমে উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন। এরপরও শুনানি করতে চাইলে অবকাশকালীন ছুটির পর আসার জন্য বলেন হাইকোর্ট।

এ সংক্রান্ত আবেদনের শুনানিতে বুধবার হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন রিটকারী আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। তিনি বলেন, আজ রিটের শুনানি হয়নি। আবেদনটির ওপর সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শেষ হলে তারপর শুনানি করা হবে বলে আদালত আজ আদেশ দিয়েছেন।

তিনি আরও বলেন, রিটে সশস্ত্র বাহিনী দ্বারা ভোটগ্রহণ, গণনা ও ফল প্রকাশের নির্দেশনা চেয়েছিলাম। কিন্তু সুপ্রিম কোর্টের অবকাশের পর এ গ্রাউন্ডের ওপর শুনানি না হলেও রিটে আরও অন্যান্য যেসব গ্রাউন্ডে আরজি জানানো হয়েছে তার ওপর শুনানি করা হবে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোতাহার হোসেন সাজু বলেন, সুপ্রিম কোর্টের শীতকালীন অবকাশ শেষে (আগামী ২ জানুয়ারির পর) শুনানির জন্য আদেশ দিয়েছেন হাইকোর্ট।

এর আগে রিট আবেদনে শুনানিতে প্রথমে (নট প্রেস রিজেক্ট) উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছিলেন। পরে রিটকারী আইনজীবী শুনানি করবেন বলে জানালে আদালত এ সময় বলেন, ‘পরে আসুন’।

আগের সংবাদড. কামাল হোসেনকে নিরাপত্তা দিতে চায় পুলিশ
পরবর্তি সংবাদসিলেট-৫ আসনে জমিয়ত-জামায়াত সমঝোতা, মিশ্র প্রতিক্রিয়া