
তুর্কি গণমাধ্যম আনাদলু এজেন্সি জানিয়েছে, আফগানিস্তানের তালেবানকে ‘পলিটিক্যাল ফোর্স বা রাজনৈতিক শক্তি’ হিসেবে চীন স্বীকৃতি দিয়েছে। এমন সময় চীন তালেবানকে স্বীকৃতি দিলো যখন পাকিস্তানের উদ্যোগে আফগানিস্তানে শান্তি প্রক্রিয়া অগ্রসর হচ্ছে।
সম্প্রতি পাকিস্তানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও জিং এক অনুষ্ঠানে তালেবানকে স্বীকৃতি দেয়ার বিষয়টি জানান।এ সময় তিনি আফগান শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে এবং দেশটির দীর্ঘ বছরের সংকট সমাধানে ভূমিকা রাখায় পাকিস্তানের প্রশংসাও করেন।
ইয়াও জিং বলেন, ‘চীন তালেবানদের রাজনৈতিক শক্তি হিসেবে চিহ্নিত করতে চায়, তারা এখন আফগান শান্তি প্রক্রিয়ার অংশ এবং আফগান রাজনীতিতে তাদের সংশ্লিষ্টতাও রয়েছে। আফগান সরকার ও তালেবানদের সঙ্গে বেইজিংয়ের যোগাযোগ আছে।
তিনি বলেন, আফগানিস্তান নিয়ে শান্তি প্রক্রিয়ার সকল প্রচেষ্টাকে চীন সমর্থন করে। কারণ আফগান জনগণ শান্তি ও স্থিতিশীলতার অধিকার রাখে।
