সুদানে জরুরি অবস্থা জারি

ফাতেহ ডেস্ক

সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশির দেশটিতে এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করেছেন। সেইসঙ্গে ফেডারেল সরকার ভেঙ্গে দেয়াসহ সকল রাজ্যের গভর্নরদের বরখাস্ত করেছেন। খবর বিবিসির।

শুক্রবার জাতির উদ্দেশে দেয়া এক টেলিভিশন ভাষণে বশির বলেছেন, আমি দেশে এক বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণা করছি। বশির এসময় তাকে আরেক মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের ক্ষমতা দিয়ে সংবিধানে যে সংশোধনী আনা হয়েছিল তা স্থগিত করার জন্য পার্লামেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন।

এসময় তিনি অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করার জন্য একটি মহল সরকার বিরোধী বিক্ষোভ পরিচালনা করছে। তবে তিনি বলেছেন, আমাদের দেশের মানুষের উন্নত জীবনযাপনের দাবি আইনসম্মত।

বশির আরো বলেছেন, সকল বিরোধী দলকে একসঙ্গে আলোচনার টেবিলে বসার আহ্বান আমার সর্বদাই আছে। এসময় তিনি উল্লেখ করেন, আমি তরুণদের সঙ্গে সবসময় আছি যারা সুদানকে ভবিষ্যতে নেতৃত্ব দিবে।

এর আগে সুদানের জাতীয় গোয়েন্দা সংস্থা (এনআইএসএস) জানায়, প্রেসিডেন্ট বশির পদত্যাগ করতে পারেন। গত বছরের ডিসেম্বর থেকে দেশটিতে সরকার বিরোধী চরম বিক্ষোভ চলছিল।

আগের সংবাদপবিত্র রমজান শুরু ৬ মে
পরবর্তি সংবাদঢাকার মসজিদ-মাদরাসাগুলোর অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা কতটা শক্তিশালী?