
ওমর ফারুক
ভারতের সুপ্রিম কোর্টের সমকামিতা বৈধতা দেওয়ার প্রসঙ্গে দৈনিক ইনকিলাবের সিনিয়র সহযোগী সম্পাদক ও ইসলামি চিন্তাবিদ মাওলানা উবায়দুর রহমান খান নদভী বলেছেন, ‘সমকামিতা মানবতা বিরোধী একটি কাজ। বিশ্বের কোথাও এটা স্বীকৃত ছিল না। এখন আধুনিক সময়ে সারা পৃথিবীকে ধর্মহীন করার জন্য চেষ্টা করছে, তারা এর বৈধতা দেওয়া শুরু করেছে।’
ফাতেহ২৪ এর কাছে এক ফোনালাপে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, সমকামিতাকে বৈধতাদানের মাধ্যমে তারা বিশ্বব্যাপী এক নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে চায়। যেখানে যৌন শৃঙ্খলা বলে কিছু থাকবে না, পরিবার থাকবে না, মানুষের বংশ বিস্তারের কোন সুন্দর ও নিরাপদ ব্যবস্থাও থাকবে না।
মাওলানা নদভী বলেন, পশ্চিমা অনেক দেশে সমকামিতা বৈধ করা হয়েছে। অবশেষে বহুমত ও বহুপথের সঙ্গে সম্পৃক্ত দেশ ভারতের সুপ্রিম কোর্টও এ রায় দিয়ে বিস্ময় সৃষ্টি করেছে। এর নিন্দা জানানোর কোন ভাষা নেই।
ভারতে শত কোটি হিন্দু আছেন, যারা এ বিষয়টিকে ঘৃণা করেন। এছাড়া ভারতের পঁচিশ থেকে ত্রিশ কোটি মুসলমানের শরিয়তও এটিকে হারাম মনে করে। কাজেই সে দেশের সুপ্রিম কোর্ট কোনো চিন্তা ভাবনা না করেই এ রায় দিয়েছে, এতে নিন্দা জানাই ও প্রতিবাদ জানাই।
‘কোনো মুসলমান এর সমর্থক হতে পারে না। কারণ বহু যুগ আগেই এর জন্য একটি জাতিকে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ তায়ালা। এর প্রেক্ষিতে যে যে ধর্মেই বিশ্বাস করুক না কেন, কেউই প্রকৃতি বিরোধী যৌনতায় বিশ্বাস করেনা, বরং ঘৃণা করে। এরকম প্রকৃতিবিরোধী, অবৈধ এবং অসভ্যতার সঙ্গে পৃথিবীর মানুষের কোন সমর্থন নেই। ইসলাম এবং মুসলমানদের থাকার তো প্রশ্নই উঠে না।’ যোগ করেন মাওলানা নদভী।
