শনিবার সারাদেশে ছাত্র ধর্মঘট

ফাতেহ২৪: কোমলমতি শিক্ষার্থীদের চলমান আন্দোলনে হামলার প্রতিবাদে আগামীকাল শনিবার সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে কোটা আন্দোলনকারী সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

আহ্বায়ক হাসান আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শুক্রবার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নিরাপদ সড়কের দাবিতে সারা দেশে কোমলমতি শিক্ষার্থীদের চলমান আন্দোলনে ঢাকার মিরপুর, দনিয়া, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, নোয়াখালী, চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশ ও সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে আগামীকাল শনিবার সারা দেশব্যাপী ছাত্রধর্মঘট ঘোষণা করা হলো।’

সাধারণ শিক্ষার্থীদের ৯ দফা, হামলাকারীদের বিচার এবং কোটা সংস্কার আন্দোলনের ৩ দফা দাবি মেনে নিয়ে অতি দ্রুত উদ্ভূত সমস্যার সমাধানের আহ্বান জানানো হয়। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে উক্ত ধর্মঘট কর্মসূচিতে দেশের সব সচেতন শিক্ষার্থী, শিক্ষক ও নাগরিকদের অংশগ্রহণ করার জন্যও বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়।

উল্লেখ্য, গত ২৯ জুলাই (রোববার) রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এমইএস বাস স্ট্যান্ডে জাবালে নূর পরিবহনের বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হন। একই ঘটনায় আহত হন আরো ১০/১৫ জন শিক্ষার্থী।

নিহত দুই শিক্ষার্থী হলেন- শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম ও বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল করিম রাজিব। এ ঘটনায় নিহত দিয়া খানম মিমের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে ঢাকার ক্যান্টনমেন্ট থানায় মামলা করেছেন। মামলা নম্বর- ৩৩।

আগের সংবাদআড়াই হাজার যাত্রীর হজে যাওয়া অনিশ্চিত
পরবর্তি সংবাদইয়েমেনে বিমান হামলায় নিহত ৫৫