
ফাতেহ ডেস্ক: সৌদি আরব সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। স্থানীয় সময় দুপুর দেড়টায় রিয়াদের রয়েল প্যালেস অব কিং এ এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
পরে সৌদি বাদশার আমন্ত্রণে মধ্যাহ্ন ভোজে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এর আগে, স্থানীয় সময় বেলা ১১টায় কাউন্সিল অব সৌদি চেম্বার এবং রিয়াদ চেম্বার অব কমার্সের নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এরপর সৌদি রাজধানী রিয়াদে বাংলাদেশ চ্যান্সেরি ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
সন্ধ্যায় বিশেষ বিমানে করে মদিনার উদ্দেশে রিয়াদ ত্যাগ করবেন তিনি। সেখানে মসজিদে নববিতে মহানবী হজরত মুহাম্মদ (স.) এর রওজা জিয়ারত করবেন প্রধানমন্ত্রী।
তার এবারের সৌদি সফরে প্রতিরক্ষা ও তথ্য-প্রযুক্তি বিষয়ক দুটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এছাড়া রোহিঙ্গা সমস্যা সমাধানে সৌদি সমর্থন আদায়ের বিষয়টিও গুরুত্ব পাবে।
সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে মঙ্গলবার সৌদি আরব পৌঁছান প্রধানমন্ত্রী। চার দিনের সফর শেষে শুক্রবার দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
