
ফাতেহ ডেস্ক: আপাতত বাড়ছে না গ্যাসের দাম। বিকেলে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি। দাম অপরিবর্তিত রাখায় চলতি অর্থবছর সরকারের ভর্তুকি গুণতে হবে তিন হাজার কোটি টাকার বেশি। এলএনজি সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে গ্যাসের দাম বাড়বে বলেও ইংগিত দিয়েছেন বিইআরসি চেয়ারম্যান।
এলএনজি আমদানি চূড়ান্ত হওয়ার পরই তোড়জোড় শুরু হয় গ্যাসের দাম বাড়ানোর। নতুন দাম কার্যকর হওয়ার কথা ছিল গত ১৮ সেপ্টেম্বর। কিন্তু তেমনটি হয়নি। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড – এনবিআর এলএনজি আমদানি ওপর শুল্ক প্রত্যাহার করেছে। এছাড়া গ্যাস সঞ্চালন ও বিতরণ ব্যবস্থায় বেশকিছু সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার। এসব বিষয় বিবেচনায় নিয়ে আপাতত বাড়ানো হচ্ছে না গ্যাসের দাম।
বিইআরসি বলছে, এবার গ্যাসের দাম না বাড়ানোয় চলতি অর্থবছরে সাত হাজার কোটি টাকার বেশি লোকসান গুণতে হবে পেট্রোবাংলাকে। যার মধ্যে ৩ হাজার ১০০ কোটি টাকা ভর্তুকি হিসেবে পাবে সংস্থাটি।
এলএনজি সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে গ্যাসের দাম বাড়ানো হবে বলেও ইঙ্গিত দিয়েছে বিইআরসি।
