
রাগিব রব্বানি
বিএনপির গুম হওয়া নেতা এম ইলিয়াস আলীর আসন সিলেট-২-এ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদির লুনা ঐক্যফ্রন্টের মনোনয়ন পেয়েছিলেন এ আসনে। এদিকে ঐক্যফ্রন্টে থাকা সত্ত্বেও খেলাফত মজলিস তাদের কাঙ্ক্ষিত দাবি পূরণ না হওয়ায় দলের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলীকে একই আসনে দলীয় প্রতীক ‘দেয়াল ঘড়ি’ মার্কায় মনোনয়ন দিয়েছে।
মহাজোটের প্রতিদ্বন্দ্বী ইয়াহইয়া চৌধুরীর এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত তাহসিনা রুশদির লুনার প্রার্থিতা স্থগিত রাখার নির্দেশ দিয়েছে আপিল বিভাগকে। আসন্ন নির্বাচনে লুনা তাই আর প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না।
এদিকে লুনার প্রার্থিতা বাতিল হওয়ায় ঐক্যফ্রন্টের শরিক দল গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মুকাব্বির খান সূর্য প্রতীক নিয়ে দুদিন ধরে সক্রিয় হয়েছেন ভোটের মাঠে। ঐক্যফ্রন্ট এখন কাকে মনোনয়ন দেবে? খেলাফত মজলিসের মুনতাসির আলীকে, না গণফোরামের মুকাব্বির খানকে? কয়েকদিন ধরে এ প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বিশ্বনাথ-উসমানীনগরের ভোটের মাঠে।
বিএনপি’র স্থানীয় নেতারা এখনও এ ব্যাপারে নীরব। তাঁরা গণমাধ্যমকে জানিয়েছেন, কেন্দ্র যাকে মনোনয়ন দেয় তাঁর পক্ষেই তাঁরা কাজ করবেন। কেন্দ্র থেকে এখনও নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি। তবে স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, ধানের শীষের নীরব সমর্থক যারা তাদের অনেকেই ধানের বিকল্প হিসেবে ‘দেয়াল ঘড়ি’কে বেছে নিয়েছেন। কিন্তু তাহসিনা রুশদির লুনার একনিষ্ঠ ভক্ত যারা, তারা মনে করছেন, ইয়াহইয়া চৌধুরী যে রিট আবেদন করেছেন লুনার বিরুদ্ধে, এতে মুনতাসির আলীর ‘যোগসাজশ’ ছিল, তাই মুনতাসির আলীকে তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। বিকল্প হিসেবে তারা মুকাব্বির খানকে সমর্থন করছেন।
এদিকে মুনতাসির আলী লুনা-সমর্থকদের এ ধারনাকে ‘ভুল বোঝাবুঝি’ হিসেবে আখ্যায়িত করেছেন। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি নিজের অবস্থান স্পষ্ট করে নিয়ে জানিয়েছেন, ‘ইয়াহইয়া চৌধুরীর রিটের প্রেক্ষিতে হাইকোর্ট কর্তৃক বিএনপি ও ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী সম্মানিত তাহসিনা রুশদির লুনার প্রার্থিতা স্থগিত হওয়ায় আমি মর্মাহত। কিন্তু আমি লক্ষ্য করেছি, সোশ্যাল মিডিয়ায় আমাকে জড়িয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করা হচ্ছে। এতে আমি বিস্মিত। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে সততা ও নৈতিকতার সঙ্গে জীবনভর কাজ করে যাচ্ছি। আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। সুতরাং যারা এসব মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচারে লিপ্ত তাদেরকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। আমি পরিষ্কার করে বলছি, সম্মানিত তাহসিনা রুশদির লুনার প্রার্থিতা স্থগিতের সাথে কোনো পর্যায়ে কোথাও গোপনে বা প্রকাশ্যে আমার কোনো সম্পর্ক নেই। যারা এসব ষড়যন্ত্রে লিপ্ত তারা ২৩ দলীয় ঐক্যজোটের বন্ধনকে দুর্বল করে গোলা পানিতে মাছ শিকার করতে চায়।’
স্থানীয় ভোটারদের কাছ থেকে জানা গেছে, মুকাব্বির খান আসন্ন নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেও নিশ্চিত পরাজয় জেনে প্রথমে ভোটের মাঠে নিষ্ক্রিয় ছিলেন। আর খেলাফত মজলিসের প্রার্থী মুনতাসির আলী শুরু থেকেই কাজ করছেন প্রতিদ্বন্দ্বিতার জন্য এবং এ কয়দিনে স্বতন্ত্র একটি অবস্থান দাঁড় করিয়ে নিতে সক্ষম হয়েছেন।
