সিলেটে মনোনয়ন নিয়ে জটিলতা প্রধান দুই জোটে

ফাতেহ ডেস্ক: সিলেটের বিভিন্ন আসনে একক প্রার্থী ঠিক করতে হিমশিম খাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। কয়েকটি আসনে জোট শরিক খেলাফত মজলিস ও জামায়াতের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেয়ায় তৈরি হয়েছে জটিলতা। অন্যদিকে, জেলার ৬টি আসনের ৩টিতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের একক প্রার্থী থাকলেও বাকিগুলোতে আওয়ামী লীগ ছাড়াও প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি ও বিকল্পধারা।

সিলেটের ছয়টি সংসদীয় আসনে এবার মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন দলের ৬৬ জন প্রার্থী।

জেলার সবকটি আসনে একাধিক প্রার্থী রয়েছে বিএনপির। পাশাপাশি সিলেট-৫ ও ৬ আসনে জামায়াত এবং সিলেট-২ ও ৩ আসনে খেলাফত মজলিসের প্রার্থীরাও মনোনয়নপত্র জমা দিয়েছেন। এসব জায়গায় বিএনপিকে ছাড় দিতে রাজি নয় জোটের শরিক দুই দল। ফলে তৈরি হয়েছে টানাপড়েন।

অন্যদিকে, সিলেট-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থীর সাথে মনোয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির বর্তমান সংসদ সদস্য সেলিম উদ্দিন। আর সিলেট-৬ আসনে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদের সাথে নির্বাচনে লড়তে চান মহাজোটের শরিক বিকল্পধারার শমসের মবীন চৌধুরী। তবে একাধিক প্রার্থী থাকলেও মহাজোটের চূড়ান্ত সিদ্ধান্ত সবাই মেনে নেবে বলে আশা আওয়ামী লীগ নেতাদের।

জোট-মহাজোটের হিসেব-নিকেশে শেষ পর্যন্ত কারা নির্বাচনের মাঠে থাকছেন তা জানতে অপেক্ষা করতে হবে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৯ ডিসেম্বর পর্যন্ত।

আগের সংবাদঐক্যফ্রন্ট এখন আর ঐক্যবদ্ধ নেই : কাদের
পরবর্তি সংবাদখোকার ছেলে-মেয়েকে আত্মসমর্পণের নির্দেশ আদালতের