
ফাতেহ ডেস্ক: জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর সরকার কাঠামো দেখে সংসদ সদস্যদের জন্য নির্বাচনী আচরণবিধি ঠিক করবে নির্বাচন কমিশন। তবে এরই মধ্যে আচরণবিধি সংশোধনের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। মঙ্গলবার দুপুরে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, জাতীয় নির্বাচনে মন্ত্রী, এমপি, মেয়ররা সরকারি সুযোগ-সুবিধা ব্যবহার করে নির্বাচনে প্রচার চালাতে পারবেন না। এসময় সরকারি গাড়ি বা নির্বাচনী প্রচারের সময় সার্কিট হাউজে অবস্থান করতে পারবেন না। তবে এতেও সবার জন্য সমান সুযোগ নিশ্চিত হবে না বলে বরাবরই অভিযোগ বিএনপির।
নির্বাচনকালীন সরকার দেখে নির্বাচন পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নিতে চায় কমিশন। সিইসি কে এম নূরুল হুদা এক ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, সংসদ সদস্যরা কীভাবে নির্বাচনী প্রচার চালাবেন, তা নির্ধারণ করতে তফসিল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এর আগে সকালে, জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে জেলা নির্বাচনী কর্মকর্তাদের সাথে বৈঠক করে কমিশন। এসময় কর্মকর্তাদের সাংবিধানিক দায়িত্বের কথা মনে করিয়ে দেন সিইসি।
মাঠ-পর্যায়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রয়েছে বলে এসব কর্মকর্তারা কমিশনকে আশ্বস্ত করেছে বলে জানান সিইসি। সবার প্রস্তুতিও শেষ পর্যায়ে বলে উল্লেখ করেন তিনি।
