
ফাতেহ ডেস্ক: আওয়ামী লীগ সরকার উন্নয়নের যে গতি সৃষ্টি করেছে তা অব্যাহত থাকবে, কেউ বন্ধ করতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত ১০ বছরে দেশের ব্যাপক উন্নয়নচিত্র সামনে এনে এখনও অনেক দূর যেতে হবে বলেও জানান তিনি। সশস্ত্র বাহিনী দিবসে ঢাকা সেনানিবাসে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি ও সামরিক বাহিনীকে অবহেলা শুরু হয়। তবে যে মুক্তিযোদ্ধাদের জন্য আজকের স্বাধীন দেশ, তাদের অবহেলা আওয়ামী লীগের পক্ষে সম্ভব নয় বলেও জানান শেখ হাসিনা।
সে কারণেই মুক্তিযোদ্ধার জীবন-মান উন্নয়নে তার সরকারের চেষ্টা সবসময় থাকবে বলে জানান তিনি। অনুষ্ঠানে তিন বাহিনীর ১৩ সদস্যকে ২০১৭-১৮ সালের শান্তিকালীন পদক দেন প্রধানমন্ত্রী। এর আগে সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে বীর শহীদদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
