
ফাতেহ ডেস্ক
ভারী তুষারপাতে অচল হয়ে পড়েছে ইউরোপের একাংশ। জার্মানি ও সুইডেনের বিভিন্ন এলাকার সড়ক ও রেল যোগাযোগ বন্ধের পাশাপাশি স্থগিত হয় স্কুল-কলেজ ও অফিস-আদালতের কার্যক্রম।
এদিকে তুষারঝড়ের প্রকোপে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো ও মিসৌরিসহ বিভিন্ন রাজ্যে রোববার নাগাদ সর্বোচ্চ ১৬ ইঞ্চি পর্যন্ত তুষারপাতের আশংকা করা হচ্ছে। বিরূপ আবহাওয়ায় শুক্রবার মধ্যাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে বাতিল করা হয় প্রায় দেড় হাজার ফ্লাইট।
অন্যদিকে তুষারপাতে জার্মানির দক্ষিণাঞ্চলের বাভারিয়া প্রদেশে নয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তুষার জমা রাস্তায় আটকে পড়া গাড়িচালকদের উদ্ধারে কাজ করছে রেডক্রস।
এ ছাড়া শুক্রবার অস্ট্রিয়াতে ১০ফুট পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়। সুইজারল্যান্ডের একটি হোটেলে তুষার ধসে আহত হয়েছেন তিন জন। গাড়ি চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে সুইডেন এবং নরওয়ের রাস্তাঘাট। বরফের স্তুপে চাপা পড়েছে রাস্তার পাশে থাকা গাড়িগুলো।
